বলিউড অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া ‘মাকড়সার কামড়’কে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শুভাশিস পাণ্ডা। বুধবার সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টের পর থেকেই রাজেশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়ায় অনুরাগী মহলে। তবে অভিনেতার সহকারী জানিয়েছেন, ভয়ের কিছু নেই, রাজেশ শর্মা এখন অনেকটাই ভালো আছেন।
বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই দাপুটে অভিনেতা। তার অসুস্থতা প্রসঙ্গে শুভাশিস পাণ্ডা গণমাধ্যমকে বলেন, ‘দাদা ভালো আছেন। ভুল তথ্য ছড়িয়েছে। হায়দরাবাদে শুটিং করার সময়ে কোনও কিছু ঘটেনি। আমরা বৃহস্পতিবার কলকাতায় ফিরেছি।’
তার কথায়, ‘রোববার হঠাৎ দাদার পায়ে সংক্রমণ হয়। সবটাই হয়েছে হাই সুগার থেকে। সুগার থাকলে এমনিই সংক্রমণ তাড়াতাড়ি ছড়ায়। পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়ায়নি। ভুল তথ্যের জেরে সবাই খুবই উদ্গ্রীব হয়ে পড়েছেন।’
শুভাশিস আরও নিশ্চিত করেন যে, তিনি সার্বক্ষণিক অভিনেতার সঙ্গেই থাকেন। তাই হায়দরাবাদে শুটিং চলাকালীন মাকড়সার কামড়ে ইনফেকশন হওয়ার যে কথা রটেছে, তা একেবারেই ভিত্তিহীন। মূলত ডায়াবেটিস বা উচ্চ রক্তশর্করার কারণেই তার পায়ের ত্বকে এই ইনফেকশনজনিত জটিলতা তৈরি হয়েছে, যা এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে বুধবার সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় রাজেশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, বিষাক্ত মাকড়সার কামড় থেকে গুরুতর সংক্রমণ ঘটেছে অভিনেতার শরীরে। তিনি বলেছিলেন, ‘ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনও বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।’
এমআইকে
