বিজ্ঞাপন

ঝুম বৃষ্টির মাঝে ঘরে ওটিটি মাতাবে একগুচ্ছ সিনেমা-সিরিজ

ঝুম বৃষ্টির মাঝে ঘরে ওটিটি মাতাবে একগুচ্ছ সিনেমা-সিরিজ

বাইরে ঝুম বৃষ্টি, আর ঘরে অলস ছুটির দিন এমন আবহে বিনোদনের পারফেক্ট সঙ্গী হতে পারে ওটিটি প্ল্যাটফর্ম। দর্শক মাতাতে এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাচ্ছে বিশ্বমানের সব কনটেন্ট। কমেডি, কোর্টরুম ড্রামা থেকে শুরু করে পিরিয়ড স্পোর্টস ড্রামা— কী নেই তালিকায়! এই বৃষ্টির দিনে আপনার সময়কে আরও উপভোগ্য করতে ওটিটির পর্দা কাঁপাতে আসা চার কনটেন্টের খবর জেনে নেওয়া যাক।

ট্রায়িং (সিজন ৫)

ভালোবাসা ও হাসিতে মোড়ানো গল্প নিয়ে ওটিটি দুনিয়ার অন্যতম জনপ্রিয় কমেডি-ড্রামা ‘ট্রায়িং’ ফিরছে তার পঞ্চম সিজন নিয়ে। নিকি ও জেসনের সন্তান লালন-পালনের চড়াই-উতরাই আর পারিবারিক জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নতুন সিজন। বরাবরের মতোই এর আবেগঘন ও রসাত্মক উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে যাবে। গত ৮ জুলাই অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

ইক্কা

বলিউডের অ্যাকশন হিরো সানি দেওলের ওটিটি অভিষেক হচ্ছে আজই! ‘ইক্কা’ নামের একটি থ্রিলার কোর্টরুম ড্রামার মাধ্যমে দীর্ঘ বছর পর পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন সানি দেওল ও অক্ষয় খান্না। গল্পের মূল আকর্ষণ এক নামকরা আইনজীবী, যিনি অতীতে নিজের সাজা দেওয়া এক আসামির হয়েই এবার আদালতে লড়বেন। ন্যায় ও সত্যের চেনা সমীকরণ বদলে দেওয়ার এই গল্পটি আজ ১০ জুলাই থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

পেড্ডি

দক্ষিণী মেগাস্টার রাম চরণের নতুন সিনেমা মানেই অবধারিত উন্মাদনা। এবার তিনি হাজির হয়েছেন ‘পেড্ডি’ নামের একটি পিরিয়ড স্পোর্টস ড্রামা নিয়ে। গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রাম চরণকে দেখা যাবে একজন দিনমজুরের চরিত্রে, যিনি ক্রিকেট খেলার প্রতি নিজের ভালোবাসা আবিষ্কার করেন এবং সব বাধা পেরিয়ে পুরো গ্রামকে নেতৃত্ব দেন। জাহ্নবী কাপুর অভিনীত সামাজিক বার্তা ও আবেগে ঠাসা এই সিনেমাটি গত ৯ জুলাই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

পরিমল অ্যান্ড কোং

ছুটির দিনে একটু ভিন্ন স্বাদের বিনোদন চাইলে দেখতে পারেন তামিল ব্ল্যাক-কমেডি ঘরানার ছবি ‘পরিমল অ্যান্ড কোং’। একটি অদ্ভুত পরিবারের শান্তিময় জীবন হঠাৎ কীভাবে এক অনাকাঙ্ক্ষিত অপরাধের কারণে ওলটপালট হয়ে যায়, তা নিয়েই সিনেমার গল্প। রহস্য, টুইস্ট আর হাসির দারুণ এক মিশ্রণ মিলবে এই ছবিতে। আজ ১০ জুলাই থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

এমআইকে