ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবুর পরে এ বার বড়পর্দায় দেখা যাবে এক নতুন গোয়েন্দা। কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি নিয়ে আসছেন তা। কথাসাহিত্যিক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। যেখানে গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন অভিনেতা যীশু সেনগুপ্ত।
ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী আগস্ট মাস থেকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
তবে সৃজিতের গোয়েন্দা গল্পের কাজ এবারই প্রথম নয়। এর আগে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু ও শার্লক হোমসের মতো বিখ্যাত গোয়েন্দা চরিত্রগুলোকে পর্দায় তুলে এনেছেন।
নতুন এই চলচ্চিত্র প্রসঙ্গে সৃজিত জানান, কানাইচরণ চরিত্রের বিশেষত্ব, কলকাতার সঙ্গে তার সংযোগ এবং তার অনন্য মেজাজ তাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। লেখকের গল্পগুলো পড়ার পর তিনি নিজেই রাজর্ষি দাস ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন এবং চরিত্রটিকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নেন। লেখকের ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে সিনেমার মূল কাহিনি সাজানো হয়েছে।
এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করতে যাওয়া যীশু সেনগুপ্তের এর আগেও পর্দায় গোয়েন্দা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। পরিচালক অঞ্জন দত্তের নির্দেশনায় ‘ব্যোমকেশ বক্সী’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’ এবং ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।
ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া নতুন এই সিনেমাটিতে যীশু ছাড়াও অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, অনুজয় চ্যাটার্জি, ইধিকা পাল, সুজয়প্রসাদ চ্যাটার্জী ও সুমন্ত মুখার্জিসহ আরও অনেকে। তবে প্রধান চরিত্র ছাড়া অন্য শিল্পীদের ভূমিকা সম্পর্কে নির্মাতা এখনই বিস্তারিত কিছু প্রকাশ করেননি।
ডিএ
