বিজ্ঞাপন

‘ফুটবল হট্টগোল’-এ দেখা যাবে অন্ধকার জগতের গল্প

‘ফুটবল হট্টগোল’-এ দেখা যাবে অন্ধকার জগতের গল্প

আজ (১১ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’। বিশ্বকাপকে কেন্দ্র করে প্রচলিত আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হাস্যরসাত্মক দ্বন্দ্বের বাইরে গিয়ে নাটকটিতে ফুটবলকে ঘিরে জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের একটি গল্প তুলে ধরা হয়েছে। 

চার বছর পরপর ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা তৈরি হয়, তেমনি এর প্রভাব পড়ে বাংলাদেশেও। প্রতি আসরেই বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হয় একাধিক বিশেষ নাটক। তবে সেসব নাটকের বেশির ভাগই আবর্তিত হয় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা ও হাস্যরসকে ঘিরে। সেই পরিচিত ধারা থেকে ভিন্ন গল্প নিয়ে ‘ফুটবল হট্টগোল’ নির্মাণ করেছেন দীপু হাজরা।

নাটকের কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পাওয়া আয়ান ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারদর্শী। ম্যাচের আগে তার করা প্রতিটি পূর্বাভাস মিলে যেতে থাকায় ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে সে। একপর্যায়ে তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে অনেকেই বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। এরপর হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়ান, আর সেখান থেকেই শুরু হয় রহস্য।

শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। নাটকে তিনি একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। কাজের সূত্রে ‘অক্টোপাস ভাই’ পেজের সন্ধান পান তিনি। আয়ানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আয়ান নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার মিশনে নামেন এই সাংবাদিক।

নাটকটি নিয়ে নির্মাতা দীপু হাজরা বলেন, বিশ্বকাপ উপলক্ষে নির্মিত নাটকগুলোতে সাধারণত কমেডির প্রাধান্য থাকে। তবে ফুটবলকে ঘিরে সমাজে জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটে। সেই বাস্তবতাকেই ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তারা। একই সঙ্গে শিল্পীরাও গল্পটি বিশ্বাসযোগ্য করে তুলতে আন্তরিকভাবে কাজ করেছেন বলে জানান তিনি।

‘ফুটবল হট্টগোল’ নাটকে আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক।

ডিএ

বিজ্ঞাপন