ক্যারিয়ার শুরুর আগেই ভালোবেসে বিয়ে। অতঃপর নানা সংগ্রাম পেরিয়ে বাংলা গানের যুবরাজ হয়ে ওঠা। আকাশচুম্বী জনপ্রিয়তা, সাফল্যের প্রায় সবটুকু ছুঁয়ে দেখা। সব কিছুর মাঝে সম্পর্কটা ঠিকই রয়েছে আসিফ আকবর ও তার সহধর্মিণী সালমা আসিফ মিতু।
মাঝে মাঝেই নিজেদের ভালোবাসা, সম্পর্ক ও সংসার জীবনের নানা গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেন আসিফ। তাতে স্ত্রীর প্রতি সম্মান আর প্রশংসা দুটোই টের পাওয়া যায়। গতকালও এক পোস্টে তেমনটাই করলেন।
১৯৯২ এবং বর্তমান ২০২৬ সালের দুটি ছবি পোস্ট করেছেন আসিফ। সঙ্গে লিখেছেন, ‘১৯৯২ থেকে ২০২৬ সাল, দুই শতাব্দী মিলিয়ে চৌত্রিশ বছরের দাম্পত্য জীবন আমাদের, জীবনের চেয়ে বেশি বিয়ের বয়স! প্রাত্যহিক সংগ্রামের সাথে রয়েছে আনন্দ বেদনার মিশেলে বহু অব্যক্ত অনুভূতি। জনমত অনুযায়ী আমি লাকি, তাদের মতামত অনুযায়ী বেগমের কারণেই সংসারটা টিকে আছে! এখন জনমতের বাইরে গিয়ে আর বিপ্লবী হতেও চাই না, মেনে নিয়েছি সব ক্রেডিট বেগমের।’
এরপর সন্তানদের প্রশংসাও করলেন শিল্পী। আসিফের ভাষ্য, “দুই ছেলে, দুই বৌমা আর মেয়ে আইদাহকে নিয়ে আলহামদুলিল্লাহ্ ভালো আছি। জীবনে অতি উচ্চাভিলাষিতা কখনো প্রশ্রয় পায়নি, কিছু পারিবারিক প্রিন্সিপাল সবসময় সমুন্নত রাখি। সন্তানরা কেয়ারিং, বাবা মায়ের খোঁজ খবর রাখে। বড় ছেলে বলে, ‘বাবা ১৯ বছর বয়সে বিয়ে করেছো, জীবনে অনেক যুদ্ধ করেছো, এখন তোমার বিশ্রাম নেয়ার সময়।’ ছেলের কথায় হাসি পায়, খুব ভালো লাগে শুনতে, তবে বিশ্রাম আমার শত্রু।”

আসিফ মনে করেন, পৃথিবীর সেরা প্রতিষ্ঠান হলো পরিবার। লিখেছেন, ‘সংসার জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে এক ছাদের নিচে বাস করতে পারাটা বিশাল অর্জন। আমি লাইফটা স্পোর্টিংলি নিয়েছি, বেগম শর্তহীন সমর্থন দিয়ে গেছেন। দুনিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পরিবার, আমি আমার পরিবার নিয়ে নিজের মতো সন্তুষ্ট আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’
লেখার সঙ্গে আসিফ জানান, পুরনো ছবিটি ১৯৯২ সালে কুমিল্লার কোটবাড়িতে তুলেছিলেন।
কেআই
