গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’। বিপুল প্রশংসা পেয়েছে দর্শক-সমালোচকের। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও অংশ নিয়ে সমাদৃত হয়েছে ছবিটি।
এবার ‘দেলুপি’ অংশ নিয়েছে ইতালির রোমে ‘কারাওয়ান ফেস্টিভ্যাল’-এ। সেখানে গতকাল হয়েছে ছবিটির প্রদর্শনী। আর ওই প্রদর্শনী ছিল খোলা মাঠে। যে দৃশ্য মনে করিয়ে দেয় খুলনায় অনুষ্ঠিত ছবিটির বিশেষ প্রদর্শনীর কথা।
খুলনার দেলুটি গ্রামে হয়েছে ছবির শুটিং। সেখানকারই মানুষজন এতে অভিনয় করেছেন। তাই তাদের দেখানোর জন্য সেখানেই খোলা মাঠে আয়োজন করা হয়েছিল প্রদর্শনীর। তাতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন।

তেমনই এক দৃশ্যের অবতারণা ঘটল রোমের কারাওয়ান উৎসবে। খোলা মাঠে বহু দর্শক আগ্রহ নিয়ে ‘দেলুপি’ দেখেছেন। আর সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা তাওকীরও। প্রদর্শনী শেষে দর্শকের নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
বিশেষ ওই প্রদর্শনীর কথা জানিয়ে তাওকীর তার ফেসবুকে লেখেন, “কালীনগর দারুণ মল্লিক স্কুলের মাঠে আকাশের নিচে যেভাবে ‘দেলুপি’র প্রিমিয়ার হয়েছিল, সেই স্মৃতিরই যেন পুনরাবৃত্তি হলো গতকাল, রোমের তর পিগনাতারা প্রাঙ্গণে। ফেস্টিভ্যালের মূল পোস্টারে ‘দেলুপির’ দৃশ্য, সবই প্রথম অভিজ্ঞতা এবং বাংলা সিনেমার জন্য অদ্ভুত সম্মানের ব্যাপার।”

নির্মাতা জানান, উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে ‘দেলুপি’।
উল্লেখ্য, কিছুদিন আগেই ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের নামজাদা চলচ্চিত্রকার অনুরাগ কাশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে ছবিটির নিবেদক হিসেবে থাকবেন তিনি।

কেআই
