বিজ্ঞাপন

আর কনসার্ট করবেন না ওয়ারফেজের কমল

আর কনসার্ট করবেন না ওয়ারফেজের কমল

দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান গিটারবাদক ইব্রাহিম আহমেদ কমল এখন আর শো করবেন  না। কানের গুরুতর অসুস্থতা এবং সাম্প্রতিক ওপেন এয়ার কনসার্টের অব্যবস্থাপনার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের শারীরিক অবস্থা এবং দেশের কনসার্ট সংস্কৃতির নানা খামতি নিয়ে মুখ খুলেছেন তিনি।

নিজের বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে কমল লেখেন, ‘আমার কানের খুবই খারাপ অবস্থা। আমার কানের ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন আর শো করব না। এছাড়া গরমকালে ওপেন ইয়ার কনসার্ট করে আমি সবসময় অসুস্থ হয়ে যাই। জুলাই মাসে দুটো শো করে তাই হয়েছি। দ্বিতীয় কনসার্টটি করার পরে এমনি ডিহাইড্রেটেড এবং অসুস্থ হলাম যে পরদিন ইমারজেন্সিতে হসপিটালে যেতে হলো।’

এই অসুস্থতার কারণে ব্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফরও মিস করেছেন তিনি। আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘এর ফল হিসেবে আমি ওয়ারফেজের ইউকে ট্যুরে প্লেনে উঠতে পারলাম না।’

ইব্রাহিম আহমেদ কমল

আরও পড়ুন

আয়োজকদের উদ্দেশে তিনি লেখেন, ‘কনসার্টের অর্গানাইজারসদের কিছু কথা মনে থাকা উচিত। গরমকালে ওপেন এয়ার কনসার্টে স্টেজে পারফরমারদের জন্য পানি, স্যালাইন, ফ্যান, ইলেকট্রিক কুলার, পোর্টেবল এসি এগুলোর ব্যবস্থা করা উচিত। এছাড়া স্টেজে অবাঞ্ছিত মানুষের আনাগোনা বন্ধ করতে হবে।’

মিউজিককে পেশা হিসেবে নেওয়া তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে লেখেন, ‘আমি স্টেজে পারফর্ম করে যে অল্প-স্বল্প টাকাপয়সা উপার্জন করি সেটা দিয়ে আমার সংসার চালাতে হয় না দেখে আমি ভাগ্যবান। কিন্তু বাকি উঠতি মিউজিসিয়ানরা যারা প্রফেশনালি মিউজিক করে তাদের এই ব্যাপারে অত্যন্ত কঠোর হতে হবে।’

দেশের শিল্পী ও সংগীতজ্ঞদের ন্যায্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আকুতি জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পারফরমিং মিউজিসিয়ানদের যত্ন নেবেন প্লিজ। স্টেজে উঠে আমরা মাথার ঘাম পায়ে ফেলে পারফর্ম করি। আপনারা আমাদেরকে দয়া করেন।’

এমআইকে