সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের জন্মদিন আজ। বিশেষ দিনে পরিবার, বন্ধু ও ভক্ত-সতীর্থদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন গায়িকা। এসবের বিপরীতে তিনিও দিচ্ছেন একটি উপহার। প্রকাশ করছেন নিজের নতুন গান ‘বেখেয়ালি মন’।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘প্রজেক্ট রেজা পুতুল’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ।
পুতুল জানান, নতুন গানটি তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার, যেটা তিনি উৎসর্গ করছেন শ্রোতা-ভক্তদের। ক্যারিয়ারের শুরু থেকেই মৌলিক গানে মনোযোগী তিনি। আশা করছেন, নতুন এই গানও শ্রোতাদের মনে জায়গা করে নেবে।
এদিকে জন্মদিনটি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বলে জানালেন পুতুল। ঘরোয়া পরিবেশে উদযাপন আর রাতে সবাই মিলে একসঙ্গে নৈশভোজ।
উল্লেখ্য, সংগীতে পুতুলের পথচলা শুরু হয়েছিল ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের মাধ্যমে। এতে সেরা দশে পৌঁছেছিলেন তিনি। এরপর নিজের স্বকীয়তায় জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। গানের পাশাপাশি লেখালেখিতেও সিদ্ধহস্ত পুতুল।
কেআই
