বিজ্ঞাপন

হঠাৎ প্রয়াত রুবেলকে স্মরণ মীর সাব্বিরের, প্রশ্ন রাখলেন— মনে আছে?

হঠাৎ প্রয়াত রুবেলকে স্মরণ মীর সাব্বিরের, প্রশ্ন রাখলেন— মনে আছে?

দেশের বরেণ্য ও জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে স্মরণ করলেন অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। সামাজিক মাধ্যমে প্রিয় সহশিল্পীকে স্মরণ করলেন তিনি। রুবেলের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে আবেগঘন এক বার্তা দেওয়ার সঙ্গে মীর সাব্বির প্রশ্ন রেখেছেন— প্রয়াত এই গুণী অভিনেতাকে সবার মনে আছে কি না। 

সম্প্রতি আহমেদ রুবেলের সঙ্গে পাশাপাশি বসে থাকা একটি হাস্যোজ্জ্বল ছবি নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন মীর সাব্বির। ছবির ক্যাপশনে আক্ষেপের সুরে অভিনেতা লিখেছেন, 'মনে আছে তার কথা? যতক্ষণ পর্দায়, ততক্ষণ শ্রদ্ধায়। এরপর সবাই একটু একটু করে ভুলে যায়।' 

মীর সাব্বিরের এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের মনোযোগ কাড়ে এবং মন্তব্যের ঘরে অনেকেই প্রয়াত অভিনেতাকে নিয়ে নিজেদের স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেন।

মীর সাব্বিরের সেই পোস্টে মন্তব্য করে দর্শকরা জানিয়েছেন, তারা মোটেও ভুলে যাননি প্রিয় অভিনেতাকে। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, নব্বই দশকের আবেগ ছিলেন আহমেদ রুবেল, যার ভরাট কণ্ঠ আর নিখুঁত অভিনয় আজও দাগ কাটে। 

আরেক অনুরাগী আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, খুব অল্প বয়সে এবং নীরবে ঝরে গেলেন এই দক্ষ অভিনেতা। 'পেয়ারার সুবাস' দিয়ে জীবনের ইতি টানলেন তিনি। 

এছাড়া অনেকেই তার আত্মার শান্তি কামনা করেছেন এবং তার অভিনীত বিভিন্ন চরিত্র ও গুণাবলির কথা স্মরণ করেছেন। 

উল্লেখ্য, বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ছিলেন আহমেদ রুবেল এবং মীর সাব্বির। দীর্ঘ অভিনয় জীবনে তারা দর্শককে বহু নন্দিত কাজ উপহার দিয়েছেন। তবে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমান আহমেদ রুবেল, আর সেদিনের সেই সন্ধ্যায় পুরো বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া। 

কাকতালীয়ভাবে, আহমেদ রুবেল যেদিন মারা যান, সেদিনই তার আসন্ন ও সর্বশেষ সিনেমা 'পেয়ারার সুবাস' এর প্রিমিয়ারে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু, অভিনেতার নিয়তি তা হতে দেয়নি।  

অবশ্য তার দুদিন পরই প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'পেয়ারার সুবাস'। সিনেমাটি আহমেদ রুবেলকে উৎসর্গ করেছিলেন নির্মাতারা। 

ডিএ