তিন বছরের বেশি সময় ধরে সিনেমাটি ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। ভারত সরকারের চরম বিরোধিতার কবলে মুক্তির আলো দেখতে পায়নি হানি ত্রেহানের ‘সতলুজ’। ৩ জুলাই চুপিসারে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পায় ছবিটি। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেশটির সরকারের চাপে ছবিটি নামিয়ে ফেলতে বাধ্য হয় প্ল্যাটফর্ম।
এ ঘটনায় আলোচনার তীব্রতা আরো বেড়েছে। বিভিন্ন পাইরেটেড কপি দেখে দর্শক ছবিটি নিয়ে চর্চায় মেতে উঠেছে। এর মধ্যেই নির্মাতা ত্রেহান জানালেন এক চমকপ্রদ তথ্য। ‘সতলুজ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য নাকি মাত্র ১ রুপি নিয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ!
বলা বাহুল্য, পাঞ্জাবের ইতিহাসে অন্যতম সফল ও বড় তারকা দিলজিৎ। যাকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা। সেই তারকা কিনা একটি আস্ত সিনেমা করলেন মাত্র ১ রুপিতে!

‘সতলুজ’-এ মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। এরকম একজন মানুষের ভূমিকায় অভিনয়ের বিপরীতে পারিশ্রমিক নেওয়া ‘লজ্জার’ বলে মনে করেছিলেন অভিনেতা।
নির্মাতা জানান, চরিত্রটির জন্য শুরু থেকেই দিলজিতের কথা ভেবেছিলেন তিনি। এমনকি দিলজিৎ অভিনয় না করলে ছবিটি তৈরিও করতেন না ত্রেহান। ‘দ্য প্রিন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রেহান জানান, ২০২১ সালে তিনি কেবল ৩০ মিনিটের জন্য দিলজিতের সঙ্গে দেখা করেন এবং খালরাকে নিয়ে তার গবেষণার নথিপত্র দেখান। খালরার ছবি দেখেই বিস্মিত হয়ে যান দিলজিৎ এবং তখনই সিদ্ধান্ত নেন, এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেবেন না।
সেই সাক্ষাতের স্মৃতি তুলে ধরে পরিচালক বলেন, “সে (দিলজিৎ) চেয়ার থেকে উঠে দাঁড়াল, চিত্রনাট্য কপালে ছুঁইয়ে ‘ওয়াহেগুরু’ উচ্চারণ করল। তারপর বলল, ‘খালরার মতো একজন মানুষের চরিত্রে অভিনয় করে আমি কীভাবে পারিশ্রমিক নিই? সেটা তো লজ্জার বিষয়।’ চুক্তির আনুষ্ঠানিকতার জন্য যদি অর্থ দেওয়াই লাগে, তাহলে ১ রুপি দিলেই হবে।”
এদিকে ‘সতলুজ’ ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার কারণে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে ছবিটি পুনরায় মুক্তি এবং কেন সরিয়ে নেওয়া হয়েছে, এর কারণ প্রকাশের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ছবিটির প্রাথমিক নাম ছিল ‘পাঞ্জাব ৯৫’। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (CBFC) ছবিটিতে ১২৭টি কাট দেওয়ার নির্দেশ দিয়েছিল। সে কারণে বদলাতে হয় নামও। ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও ভারত সরকারের আপত্তিতে বাতিল করা হয়।
পাঞ্জাবে সশস্ত্র আন্দোলনের সময় কথিত ভুয়া বন্দুকযুদ্ধ ও অবৈধ গণদাহের বিরুদ্ধে জসওয়ন্ত সিং খালরার লড়াই তুলে ধরা হয়েছে ছবিটিতে। দিলজিৎ জানিয়েছেন, ছবিটি ভারত সরকার সরিয়ে ফেলবে, তিনি আগে থেকেই জানতেন। তাই নিজের ছবিকে পাইরেটেড ভার্সনে হলেও দেখতে বলেছেন গায়ক-অভিনেতা।
কেআই
