আন্তর্জাতিক আঙিনায় দেশের নাম উজ্জ্বল করার পর এবার দেশের সাধারণ দর্শকদের মন জয় করতে প্রস্তুত বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) থেকে দেশের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নির্মাতা নিজেই এই সুখবরটি নিশ্চিত করেছেন।
প্রাথমিক ধাপে রাজধানী ঢাকা এবং পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের মোট পাঁচটি সিনেপ্লেক্স ও সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’। দর্শকদের সুবিধার জন্য সিনেমাটির প্রদর্শনী রাখা হয়েছে সুবিধাজনক সময়ে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন সিনেমাটির দুটি করে শো প্রদর্শিত হবে- একটি দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়।
একইভাবে স্টার সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জ শাখাতেও দৈনিক দুটি করে শো উপভোগ করতে পারবেন দর্শকেরা। এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়েছে ‘মাস্তুল’। ঐতিহ্যবাহী ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ার গৌরব অর্জন করে চলচ্চিত্রটি। শুধু অংশগ্রহণই নয়, উৎসবে জুড়িদের মন জয় করে এটি অর্জন করে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘স্পেশাল মেনশন’ সম্মাননা। বিশ্বমঞ্চে পাওয়া এই স্বীকৃতি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্য এক বড় প্রাপ্তি ও মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
‘মাস্তুল’ চলচ্চিত্রের মূল গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের ওপর। এর বৃদ্ধ পাচক মকবুল এবং নদী বন্দর এলাকার এক অসহায় পথশিশু নূরাকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনী। এই দুটি অসম চরিত্রের সম্পর্কের সুতোয় পরিচালক ফুটিয়ে তুলেছেন নদী ও বন্দরনির্ভর মানুষের প্রাত্যহিক জীবনসংগ্রাম, তীব্র একাকীত্ব, টানাপোড়েন, ক্ষমতার অলিখিত দ্বন্দ্ব এবং টিকে থাকার কঠিন বাস্তবতা।
সিনেমাটিতে বৃদ্ধ পাচক মকবুলের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় চরিত্রে রূপদান করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল এবং আরিফ হাসানসহ আরও অনেকে।
এমআইকে
