বিজ্ঞাপন

আমিরের তৃতীয় বিয়েতে কেন ছিলেন না দুই প্রাক্তন স্ত্রী?

আমিরের তৃতীয় বিয়েতে কেন ছিলেন না দুই প্রাক্তন স্ত্রী?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জীবনে বসন্ত এসেছে আরও একবার। প্রাক-বিবাহের নানা আনুষ্ঠানিকতা শেষে অবশেষে ঘটা করে আইনি বিয়ে সেরেছেন ষাটোর্ধ্ব এই সুপারস্টার। পাত্রী তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ গৌরী স্প্র্যাট। বিশেষ বিবাহ আইনে চার হাত এক হওয়ার এই শুভক্ষণে উপস্থিত ছিল পুরো খান পরিবার, আমিরের তিন সন্তান ও জামাতা। তবে আলো ঝলমলে এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের অনুপস্থিতি।

বিচ্ছেদ হলেও রিনা ও কিরণের সঙ্গে আমিরের বন্ধুত্ব যে কতটা গাঢ়, তা বলিপাড়ার সবারই জানা। একেই বলে ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’! এমনকি গত মার্চ মাসেও দুই প্রাক্তন ও বর্তমান গৌরীকে নিয়ে একই ছাদের নিচে ষাটোর্ধ্ব আমির নিজের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন। সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তিতেও কিরণ ও গৌরীকে নিয়ে একই গাড়িতে চড়তে দেখা গেছে তাকে। 

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে
বিয়ের আয়োজনে পরিবারের সঙ্গে আমির খান।

কিন্তু প্রাক-বিবাহের সব অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিলেও, মূল বিয়ের আসরে রিনা-কিরণের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন জল্পনার জন্ম দিয়েছে সিনেপাড়ায়। তবে কি ভেতরে ভেতরে কোনো তিক্ততা তৈরি হলো? এমন সব গুঞ্জন আর ফিসফাসের মাঝেই এই রহস্যের জট খুললেন আমির খানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ‘লগান’ সিনেমার সহ-অভিনেতা আমিন হাজি। নেপথ্যের আসল কারণ জানিয়ে প্রাক্তনের অনুপস্থিতির পেছনে কোনো তিক্ততা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

আমিরের দুই প্রাক্তনের বিয়ের আসরে না আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমিন হাজি বলেন, ‘৫ জুলাই, বিয়ের দিন কিরণ রাও ছিলেন ব্রিটেনে। তবে ছেলে আজাদ সেখান থেকেই মুম্বাইতে উড়ে আসেন বাবার বিয়েতে যোগ দেওয়ার জন্য।’

তাহলে প্রথম স্ত্রী রিনা দত্ত কেন এলেন না? এই প্রসঙ্গে আমিনের বক্তব্য, ‘আমার ধারণা, কিছু অনুপস্থিতি স্বাভাবিক। কখনও কখনও কাউকে নিজস্ব পরিসর বা ‘স্পেস’ দেওয়াটাও ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। তাই এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কেউ কাউকে অস্বস্তিতে ফেলতে চায় না। তাছাড়া আমির, রিনা, কিরণরা তো একসঙ্গে সাফল্যের সঙ্গে পানি ফাউন্ডেশন চালাচ্ছেন। রিনার বাবা যখন মারা যান তখন দেখেছি আমির কীভাবে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়িয়েছিল। তাই ওঁদের অনুপস্থিতিকে ‘তিক্ততা’ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়।’

এমআইকে