সব্যসাচী চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী-ভারতের পশ্চিমবঙ্গের দাপুটে দুই অভিনেতা। যদিও দুজন দুই প্রজন্মের শিল্পী। তবে দুজনেই নিজ নিজ কাজে খ্যাতি পেয়েছেন। এবার এই দুই ‘সেয়ানা’ অভিনেতার টক্কর দেখা যাবে কোর্টরুমে।
হইচইয়ের জনপ্রিয় সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’। এর তৃতীয় সিজন আসতে চলেছে। এতে অচিন্ত্য আইচ চরিত্রে বরাবরের মতোই থাকছেন ঋত্বিক; আর নতুন করে তার প্রতিদ্বন্দ্বী আইনজীবীর ভূমিকায় থাকছেন সব্যসাচী। একটি মামলা নিয়ে আদালত কক্ষে যুক্তি-তর্কের লড়াইয়ে দেখা যাবে তাদের।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার গল্পের শুরু ধনী ব্যবসায়ী নীল রায় বর্মনের রহস্যময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দিয়ে। নীলের মৃত্যুর পরে তার স্ত্রী দেবযানী বিশাল সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু শেষকৃত্যের দিনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। নীলের মত দেখতে এক ব্যক্তি ফিরে এসে দাবি করেন, মর্গে দেহ বদলের ভুল হয়েছিল। ফলে ভুল ব্যক্তির দেহই দাহ করা হয়েছে। এরপর পরিবারে শুরু হয় অস্থিরতা। নীলের মা শ্রাবণী বিশ্বাস করতে শুরু করেন, ফিরে আসা ব্যক্তিই তার আসল ছেলে।

কিন্তু দেবযানীর দাবি, ওই ব্যক্তি একজন প্রতারক। সত্যি সামনে আনতে তিনি আদালতের দ্বারস্থ হয়। মামলার দায়িত্ব পান অচিন্ত্য আইচ। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে লোভ, খুন, ব্ল্যাকমেইল এবং বহু বছরের লুকিয়ে থাকা পারিবারিক গোপন রহস্য।
সিরিজটিতে অভিনয়ের প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, “দিগ্বিজয় (চরিত্রের নাম) একজন বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ আইনজীবী। চরিত্রটা ভালো লেগেছে। তা ছাড়া এটা ‘হইচই’-এর সঙ্গে আমার প্রথম কাজ। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও আমি উপভোগ করেছি। পাশাপাশি ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে আদালতের দৃশ্য দর্শকদের ভালো লাগবে বলেও আমার বিশ্বাস। এই সিরিজে সবার সঙ্গেই কাজের অভিজ্ঞতা ভালো।”
অন্যদিকে ঋত্বিকের মন্তব্য, ‘সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়া আমার কাছে বিশেষ অভিজ্ঞতা। দর্শকরা এ বার অচিন্ত্যর সবচেয়ে কঠিন মামলার সাক্ষী থাকবেন বলেই মনে করছি। সিরিজের এই পর্বে অনেক ভালো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’

জয়দীপ মুখোপাধ্যায় নির্মিত এই সিরিজে আরো অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী, ইশা সাহা এবং অভিষেক বসু প্রমুখ। সিরিজটি মুক্তি পাবে ৭ আগস্ট।
কেআই
