হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে রাজকীয় সূচনা করেছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি মুক্তির প্রথম কয়েক দিনেই বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকার সমান।
চলতি সপ্তাহের শেষভাগে ফুটবল বিশ্বকাপের ম্যাচ থাকা সত্ত্বেও সিনেমাটির এমন দুর্দান্ত ব্যবসা বক্স অফিস বিশ্লেষকদের চমকে দিয়েছে।

প্রিভিউতেই ১ কোটি ৭৬ লাখ ডলার আয় ‘দ্য ওডিসি’র
আন্তর্জাতিক বক্স অফিসের তথ্য অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকায় প্রিভিউ শো থেকেই আয় করেছে ১ কোটি ৭৬ লাখ ডলার। যা চলতি বছরের সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। এর আগে ‘টয় স্টোরি ফাউভ’ প্রিভিউ থেকে আয় করেছিল ১ কোটি ৭৫ লাখ ডলার।
আমেরিকার বাইরে থেকে আয়
আমেরিকা ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের ৭৩টি বাজার থেকে সিনেমাটির ঝুলিতে এসেছে আরও ২ কোটি ২২ লাখ ডলার। চীন, জাপান ও কোরিয়াসহ বিশ্বের ১৩ হাজার ৩০০টিরও বেশি প্রেক্ষাগৃহের ২৫ হাজারের বেশি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

এছাড়াও ইউরোপ ও ওশেনিয়ার বিভিন্ন বাজারে সিনেমাটি শীর্ষস্থান দখল করেছে, যার মধ্যে ফ্রান্সে প্রায় ৫০ লাখ ডলার, অস্ট্রেলিয়ায় ৩৭ লাখ ডলার এবং ইতালিতে ২৫ লাখ ডলার আয় হয়েছে। এ ছাড়া মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলেও এটি নোলানের আগের সিনেমাগুলোর আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।
বাংলাদেশ ও ভারতের বাজারে ‘দ্য ওডিসি’র আয়
বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের বক্স অফিসেও প্রথম দিনে দারুণ আয় করছে ‘দ্য ওডিসি’। বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে চলতি বছরের হাইয়েস্ট ওপেনিং তুলেছে ক্রিস্টোফার নোলান পরিচালিত এই সিনেমা। বিএমআর এর রিপোর্ট অনুযায়ী, দেশের সিনেপ্লেক্স থেকে সিনেমাটি খাতা খুলেছে প্রায় ৩৮ লাখ টাকা দিয়ে। গত শুক্রবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির মোট শো চলেছে ৪৯টি। এরমধ্যে ২১টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ৩টি শো। আর এদিন সিনেমাটির গড় অকুপেন্সি ছিল ৬৬%।
এদিকে ভারতের বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম দিনেই দেশটিতে সিনেমাটির মোট (গ্রস) আয় দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা। সব ভাষা মিলিয়ে সিনেমাটির নিট আয় হয়েছে ১৭ কোটি ৪০ লাখ রুপি। ভারতে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে। এর মধ্যে মূল ইংরেজি সংস্করণ থেকেই সবচেয়ে বেশি, অর্থাৎ ১৩ কোটি ৭৫ লাখ রুপি আয় এসেছে।

উল্লেখ্য, হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে ‘দ্য ওডিসি’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ট্রোজান যুদ্ধের পর রাজা ওডেসিয়াসের নিজ রাজ্য ইথাকা-তে ফেরার বিপজ্জনক ও রোমাঞ্চকর জার্নিকে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। সিনেমাটিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া এবং শার্লিজ থেরনের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।
ডিএ
