১৯ জুলাই। দিনটি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্য বিশেষ। এই দিনেই প্রয়াত হয়েছেন নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। আবার এই দিনেই জন্মেছেন কিংবদন্তি অভিনেত্রী কবরী, অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন এবং প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেন।
এই চার গুণীর বিশেষ দিন উদযাপন করবে চ্যানেল আই। সে জন্য একই দিনে রাখা হয়েছে চারটি অনুষ্ঠান।
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার দিবাগত রাত (রোববার প্রথম প্রহর) ১টা এবং রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেবেন কবি হাসান হাফিজ, প্রকাশক মাজহারুল ইসলাম এবং অভিনেতা ডা. এজাজুর রহমান। তারা স্মৃতিচারণ করবেন নির্মাণের এই মহান কারিগরকে নিয়ে।
রোববার সকাল ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। আর দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘নন্দিত নরকে’।
সন্ধ্যা ৬টায় স্মরণ করা হবে কাজী আনোয়ার হোসেনকে। এ সময় প্রচারিত হবে ইফতেখার মুনিম পরিচালিত বিশেষ তথ্যচিত্র ‘রোমাঞ্চ লেখনীর জাদুকর: কাজী আনোয়ার হোসেন’। এতে উঠে আসবে জনপ্রিয় এই লেখকের জীবন, সাহিত্যকর্ম এবং ‘মাসুদ রানা’ সৃষ্টির গল্প।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘মোহময়ী কবরী’। বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আবদদুর রহমান। অনুষ্ঠানে তুলে ধরা হবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী এই অভিনেত্রীর অভিনয়জীবন, ব্যক্তিজীবন এবং স্মরণীয় অবদান।
রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘যুবকদ্বয় আজ’। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তার দীর্ঘ অভিনয়জীবন, নির্মাণ ভাবনা এবং নানা অভিজ্ঞতা নিয়ে হবে প্রাণবন্ত আলাপচারিতা।
কেআই
