বিজ্ঞাপন

৩ বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

৩ বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান তার বহুল আলোচিত সিনেমা ‘দ্যা ওডিসি’ বিশ্বজুড়ে করছে বাজিমাৎ। সিনেমাটির এমন সাফল্যের মাঝের খবর এলো, কাজ থেকে অন্তত তিন বছরের বিরতি নেবেন নোলান। সম্প্রতি বিষয়টি নিজেই জানিয়েছেন অস্কারজয়ী এই পরিচালক। 

নোলান জানিয়েছেন, সিনেমাটির দীর্ঘ ও জটিল নির্মাণপ্রক্রিয়ার কারণে তিনি নিজে এবং তার পুরো টিম শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন; যার ফলে এমন বিরতিতে যাবেন নির্মাতা। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেছেন, এই সিনেমার কাজ করতে গিয়ে তারা সবাই সহনশীলতার শেষ সীমায় পৌঁছে যাই। তবে কালজয়ী গ্রিক মহাকাব্য অবলম্বনে সিনেমাটি বানানো যে সহজ ছিল না, তা মেনে নিয়ে তিনি বলেন, “আমরা হোমারের ‘দ্যা ওডিসি’র চলচ্চিত্র রূপ দিচ্ছি, তাই কাজটা কঠিন হওয়াটাই স্বাভাবিক। বড় ধরনের চ্যালেঞ্জ না থাকলে এমন মহাকাব্যিক কাজ সঠিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়।”

কারিগরি দিক থেকেও সিনেমাটিতে নোলান এক নতুন ইতিহাস গড়েছেন। পুরো একটি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম লার্জ-ফরম্যাট ক্যামেরায় শুট করার ঘটনা চলচ্চিত্রে এটিই প্রথম। এছাড়া বর্তমান হলিউড স্টুডিওগুলোর ঝুঁকি না নেওয়ার প্রবণতা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন নির্মাতা। এ নিয়ে ‘নিউ ইয়র্ক টাইমস’-কে নোলান জানান, দর্শক সবসময়ই মৌলিক ও উচ্চাকাঙ্ক্ষী গল্প দেখতে ভালোবাসে, আর বড় সাফল্য পেতে গেলে সিনেমা তৈরিতে ঝুঁকি নেওয়া আবশ্যক।

উল্লেখ্য, প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দি ওডিসি’ সিনেমাটিতে ট্রোজান যুদ্ধ শেষে যোদ্ধা ওডিসিয়াসের দীর্ঘ ও সংকটময় বাড়ি ফেরার গল্প তুলে ধরা হয়েছে। এতে কেন্দ্রীয় ‘ওডিসিয়াস’ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিওঙ্গো, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকা অভিনয়শিল্পীরা।

জুম এন্টারটেইনমেন্ট অবলম্বনে

ডিএ

বিজ্ঞাপন