গুঞ্জন ও নানা প্রশ্নের পর অবশেষে সুরের মূর্ছনায় ঢাকাবাসীকে ভাসাতে ২৪ জুলাই মঞ্চে উঠছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমী মাঠে বসছে এই মেগা কনসার্টের আয়োজন। বুধবার (২২ জুলাই) ঢাকায় এসে পৌঁছাচ্ছেন এই তারকা শিল্পী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়ানো গুজব নিরসনে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কনসার্ট বাতিল বা পেছানোর কোনো সুযোগ নেই। সব ধরনের প্রশাসনিক অনুমতি ও ভেন্যুর সার্বিক কাজ ইতোমধ্যেই সুসম্পন্ন।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের প্রতিনিধি বলেন, ‘আতিফ আসলাম বিশাল এক নাম। আমরা অনেকেই তার গান শুনে আনন্দ পাই। সো, আতিফ আসলাম আসছেন ইনশাল্লাহ। আমরা ২৪ জুলাই তার কনসার্ট উপভোগ করব সবাই একসাথে।’
গত বছরের অভিজ্ঞতা এবং প্রশাসনিক জটিলতার বিষয় উল্লেখ করে তারা জানান, ‘গত বছর থেকে আপনারা জানেন আমাদের ইভেন্ট ক্যান্সেল হয়েছে। এটা ওই সময়ের সবচেয়ে বড় ইভেন্ট। সেটা ক্যানসেল হওয়ায় আমাদের কতটা ঝামেলা পোহাতে হয়েছিল, অনলি উই নো। ইভেন্টটা আবার ফাইনালি এনাউন্স করলাম। সবকিছু প্ল্যান করলাম। কাল (বুধবার) ইনশাল্লাহ আতিফ আসবেন। এবার আর কোনো সমস্যা হবে না।’
এমআইকে
