দীর্ঘ প্রায় দুই দশকের বিরতি কাটিয়ে আবারো একক অ্যালবামে ফিরছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় ও প্রশংসিত কণ্ঠশিল্পী আতিফ আসলাম। সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অফিসিয়াল কভার উন্মোচন করে এই ঘোষণা দেন তিনি। সম্পূর্ণ নতুন আটটি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি, যা তার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করছে।
ইনস্টাগ্রামে পোস্ট করা কভারের পাশাপাশি পুরো অ্যালবামের ট্র্যাকলিস্টও প্রকাশ করেছেন আতিফ। অ্যালবামটিতে স্থান পাওয়া গানগুলো হলো— ‘সফর মে হুন’, ‘ইশক’, ‘লেটস হ্যাভ সাম ফান’, ‘শুন সাজনা’, ‘হুন ইশক মে’, ‘চার ইয়ার’, ‘সাচে ওয়াদে’
সংগীত জীবনের শুরুতে আতিফ আসলামের প্রতিটি অ্যালবামই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ২০০৪ সালে তার অভিষেক একক অ্যালবাম ‘জল পরী’ প্রকাশিত হয়। ‘আদাত’, ‘ভিগি ইয়াদেঁ’ ও ‘ও লামহে’-এর মতো তুমুল জনপ্রিয় গানগুলোর মাধ্যমে প্রথম অ্যালবামেই তিনি নিজেকে পাকিস্তানের শীর্ষস্থানীয় পপ-রক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
এরপর ২০০৬ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় অ্যালবাম ‘দূরী’। ‘কুছ ইস তারা’ ও ‘মাহি ভে’-এর মতো হৃদয়স্পর্শী গানের মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন এই শিল্পী। পরবর্তীতে ২০০৮ সালে আসে তার তৃতীয় অ্যালবাম ‘মেরি কাহানি’। সেখানে ‘তেরে বিন’, ‘কোন থা’ ও ‘কিনারা’-র মতো একাধিক চার্টবস্টার গান শ্রোতাদের উপহার দেন তিনি।

দীর্ঘ ১৮ বছর আগে ‘মেরি কাহানি’ অ্যালবামটির মাধ্যমে শেষবার অ্যালবাম ফরম্যাটে পাওয়া গিয়েছিল তাকে। এতদিন কেবল সিনেমা ও একক গানে মন দিলেও দীর্ঘ এ সময়ের পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ। বিগত দুই দশকে সীমান্ত ছাড়িয়ে পাকিস্তান ও ভারতসহ পুরো বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন আতিফ আসলাম।
বলিউড ও পাকিস্তানি চলচ্চিত্রে উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার হিট গান। ‘তেরা হোনে লাগা হু’, ‘জিনা জিনা’, ‘পেহলি নজর মে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘জিনে লাগা হু’, ‘তু জানে না’, ‘ও সাথী’ কিংবা ‘ম্যায় রং শরবতো কা’-র মতো গানগুলো আজ অব্দি শ্রোতাদের মুখে মুখে ফেরে। একক অ্যালবাম ও প্লেব্যাকের বাইরেও বিভিন্ন মাধ্যমে কাজ করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন এই গায়ক। 'কোক স্টুডিও'-র জনপ্রিয় সব পরিবেশনা, আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে যৌথ কাজ এবং নিয়মিত বিশ্বজুড়ে কনসার্ট ট্যুর তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
সম্প্রতি ব্রিটিশ-আজারবাইজানি সুরকার ও সংগীতশিল্পী সামি ইউসুফের ‘তু হি মেরা রাজদান’ গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম। আবুধাবির ঐতিহ্যবাহী ইতিহাদ অ্যারেনায় সরাসরি ধারণ করা এই গানে আতিফের ব্যতিক্রমী গায়কির সঙ্গে সামি ইউসুফের মেলোডি ধাঁচের অর্কেস্ট্রা পরিবেশনা দারুণ প্রশংসিত হয়।
নতুন অ্যালবামের ঘোষণা পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম উচ্ছ্বাস প্রকাশ করছেন আতিফ আসলামের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তরা। দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘সুবাহ আয়ে না’ অ্যালবামটির মাধ্যমে এই সংগীত তারকা তার স্বতন্ত্র ধারা ও অবস্থানকে আবারো নতুন করে জানান দিতে যাচ্ছেন।
এমআইকে
