বিজ্ঞাপন

নোলানে অসন্তোষ, ‘দ্য ওডিসি’ নিয়ে এআই ছবির ঘোষণা ইলন মাস্কের

নোলানে অসন্তোষ, ‘দ্য ওডিসি’ নিয়ে এআই ছবির ঘোষণা ইলন মাস্কের

মুক্তির পর থেকে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’। বক্স অফিসেও গড়ছে রেকর্ড। ছবির নির্মাণ, শিল্পীদের অভিনয় সবই পাচ্ছে প্রশংসা। তবে অসন্তুষ্ট ইলন মাস্ক। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে নাখোশ এই ধনকুবের। এবার ইলন মাস্ক জানালেন, ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন!

নোলানের ‘দ্য ওডিসি’তে হেলেন চরিত্রে অভিনয় করেছেন লুপিটা নিয়ঙ্গ’ও। এ চরিত্রে তাকে নেওয়ার কারণে তীব্র সমালোচনা করেছিলেন মাস্ক। সাধারণ দর্শকের অনেকেও সমালোচনা করেছেন।

এখানেই শেষ নয়, এলন মাস্কের মতে, নোলানের ‘দ্য ওডিসি’ ঐতিহাসিকভাবে ‘সঠিক নয়’। সে কারণেই তিনি হোমারের মহাকাব্যকে ‘ঐতিহাসিকভাবে নির্ভুল’ভাবে তুলে ধরতে চান। মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ‘গ্রোক ইমাজিন’ থেকে পূর্ণদৈর্ঘ্য ‘দ্য ওডিসি’ বানানো হবে। এ বছরের শেষ দিকেই তা সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন মাস্ক। বুধবার এক্স-এ দেওয়া এক বার্তায় বিষয়টি জানান স্পেসএক্স-এর কর্ণধার।

পোস্টের সঙ্গে একজন ‘এক্স’ ব্যবহারকারীর তৈরি তিন মিনিটের একটি এআই-নির্মিত ‘দ্য ওডিসি’র ভিডিও শেয়ার করেছেন মাস্ক।

তবে মাস্কের ‘ঐতিহাসিকভাবে নির্ভুল’ দাবিকে ঘিরে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। প্রায় ২ হাজার ৮০০ বছর আগে রচিত এই মহাকাব্যে একচোখা দৈত্য সাইক্লোপস, ছয় মাথার দানব এবং এমন এক জাদুকরীর মতো কাল্পনিক চরিত্র রয়েছে, যিনি নাবিকদের শূকরে পরিণত করেন। ফলে এমন একটি কাহিনিকে কতটা ‘ঐতিহাসিকভাবে নির্ভুল’ বলা যায়, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

'দ্য ওডিসি'র দৃশ্য

ধারণা করা হচ্ছে, মাস্ক মূলত কাস্টিংয়ে জাতিগত প্রতিনিধিত্বের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। মার্চে তিনি দাবি করেছিলেন, ক্রিস্টোফার নোলান ‘শ্বেতাঙ্গবিরোধী বর্ণবাদী’ এবং শুধু পুরস্কার পাওয়ার আশায় নিয়ঙ্গ’ওকে কাস্ট করেছেন। এমনকি বুধবার মাস্ক যে এআই ভিডিওটি শেয়ার করেছেন, সেখানেও সব চরিত্রকেই শ্বেতাঙ্গ হিসেবে দেখানো হয়েছে, যা তার পছন্দের কাস্টিং-দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুক্তির আগে ‘দ্য ওডিসি’ নিয়ে যতই সমালোচনা হোক না কেন, ছবিটি ইউনিভার্সাল পিকচার্সের জন্য বিশাল সাফল্য বয়ে এনেছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি আয় করেছে ২৬ কোটি ৪০ লাখ ডলার। ধারণা করা হচ্ছে এটি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে।

কেআই