বিজ্ঞাপন

একক কনসার্টে গাইবেন অপূর্ব

একক কনসার্টে গাইবেন অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব—দেশের অভিনয় অঙ্গনের অন্যতম সফল মুখ। ছোট পর্দায় তার সাফল্য ঈর্ষণীয়। তবে অভিনয়ের বাইরে তিনি যে গানেও দক্ষ, সে কথাও কম-বেশি অনেকে জানেন। পরিবার-বন্ধুদের আড্ডায় গিটার বাজিয়ে গেয়ে ওঠেন। গেয়েছেন নাটক-টেলিছবিতেও।

তবে সেভাবে কনসার্টের মঞ্চে তাকে পাওয়া যায় না। এবার একক কনসার্টে গাইবেন অপূর্ব। তবে দেশে নয়, দূর আমেরিকার নিউ ইয়র্কে। ২৫ জুলাই সেখানে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শীর্ষক অনুষ্ঠান।

গতকাল সোশ্যাল মিডিয়ায় কনসার্টের খবর নিশ্চিত করেছেন অপূর্ব। এ অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গান শোনাবেন তিনি। তবে অনুষ্ঠানের ভেন্যু ও টিকিটের দাম এখনো প্রকাশ করা হয়নি।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের বেশির ভাগ সময় সেখানেই থাকেন তিনি। স্ত্রী-সন্তানকে নিয়ে স্থায়ীভাবেই বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসেন, টুকটাক অভিনয় করেন।

জিয়াউল ফারুক অপূর্ব

সর্বশেষ কিছুদিন আগে অপূর্বকে দেখা গেছে সালেহ সোবহান অনীমের সিরিজ ‘হেডলাইন’-এ। এতে একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। হইচইতে মুক্তি পাওয়া সিরিজটিতে তার সঙ্গে আছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন প্রমুখ।

জানা গেছে, কিছুদিন পর দেশে ফিরবেন অপূর্ব। এরপর শুটিং করবেন ‘গোলাম মামুন ২’ সিরিজের। পরিচালনায় তানিম রহমান অংশু।

কেআই