পৃথিবীর সবচেয়ে বড় তিনটি মিউজিক কোম্পানির একটি ‘ওয়ার্নার মিউজিক গ্রুপ’। বিখ্যাত সেই প্রতিষ্ঠানেই আমন্ত্রণ পেলেন বাংলাদেশের ‘চিরকুট’ ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি। ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে প্রায় দুই ঘণ্টা সময় ধরে তার ও ‘চিরকুট’-এর পথচলার গান-গল্প শুনেছে তারা।
সুমী জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয়, সৃজনশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্যান্ড হিসেবে দেড় দশকেরও বেশি সময় ধরে চিরকুটের ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ এই আমন্ত্রণ। গান-আড্ডায় সম্ভাব্য যৌথ কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ওয়ার্নার মিউজিক গ্রুপের প্রতিনিধিরা সুমির সামনেই ‘চিরকুট’-র পাঁচ থেকে ছয়টি গান শোনেন এবং ব্যান্ডটির সংগীত ও সৃষ্টিশীলতার ভূয়সী প্রশংসা করেন। যদিও আগে থেকেই তারা ‘চিরকুট’-এর গান নিয়ে নীরিক্ষা করেছিল। তাদের মন্তব্য ছিল, “অল অব ইয়োর সংস আর ইউনিক, ইউ আর ভেরি ইউনিক!’

ওয়ার্নার মিউজিক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জশ সারুবিন ‘চিরকুট’-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্রের সংগীত অঙ্গনের অন্যতম অভিজ্ঞ এঅ্যান্ডআর (আর্টিস্টস অ্যান্ড রিপার্টোয়ার) নির্বাহী। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কলম্বিয়া রেকর্ডস, অ্যারিস্তা রেকর্ডস, আইল্যান্ড ডেফ জ্যাম, ভার্জিন রেকর্ডস এবং সনি/এটিভি মিউজিক পাবলিশিংয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার তত্ত্বাবধানে থাকা অ্যালবামের বিশ্বব্যাপী বিক্রি ৪ কোটিরও বেশি কপি। লেডি গাগাকে সাইন করার পাশাপাশি লিওনেল রিচি, কার্লোস স্যান্টানা, পিঙ্ক, এভরিল ল্যাভিন, জন ম্যাকলাফলিন ও পিক্সি লটসহ বহু আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। শিল্পী নির্বাচনের ক্ষেত্রে স্বকীয়তা ও সৃষ্টিশীলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন জশ সারুবিন। এবার বাংলাদেশের মাটিতে বেড়ে ওঠা ‘চিরকুট’-র সঙ্গে সম্ভাব্য কোলাবোরেশনের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এই আমন্ত্রণকে চিরকুটের দীর্ঘদিনের পরিশ্রম, সৃষ্টিশীলতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দেখছেন সুমি। তিনি বলেন, “সারা পৃথিবীর কিংবদন্তি শিল্পীদের নিয়ে কাজ করা এমন মানুষেরা যখন আমন্ত্রণ জানান, তখন সেটি ভীষণ অনুপ্রেরণার এবং সম্মানের। ওই ঐতিহাসিক অফিসে ঢোকার পর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, সেই খুলনা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজ আবার বিশ্বসংগীতের এক গুরুত্বপূর্ণ ঠিকানা ম্যানহাটনে, শতবর্ষী ওয়ার্নার ব্রাদার্সের অফিসে দাঁড়িয়ে আছি। ব্যান্ড মেম্বারদের মিস করছিলাম। আমি এবং ‘চিরকুট’ স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, আমাদের জীবনে এমন আরেকটি সুন্দর দিন দেওয়ার জন্য। আশা করি সামনে ভালো এবং নতুন কিছু অপেক্ষা করছে।”

দুই যুগ পেরোনো ‘চিরকুট’ দীর্ঘ পথচলায় উপহার দিয়েছে ‘আহারে জীবন’, ‘মরে যাব’, ‘জাদুর শহর’, ‘দুনিয়া’, ‘কানামাছি’, ‘উধাও’, ‘দামী’র মতো জনপ্রিয় মৌলিক গান। দেশের পাশাপাশি বিশ্বের বহু দেশে কনসার্ট, আন্তর্জাতিক সম্মেলন ও কনফারেন্সে অংশ নিয়েছে ব্যান্ডটি।
কেআই
