বিজ্ঞাপন

শাফিন আহমেদকে হারানোর দুই বছর, মাইলসের স্মরণ

শাফিন আহমেদকে হারানোর দুই বছর, মাইলসের স্মরণ

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শাফিন আহমেদের দ্বিতীয় প্রয়াণদিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় সহযোদ্ধাকে স্মরণ করেছে তার দীর্ঘদিনের ব্যান্ড 'মাইলস'। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ বার্তা ও ছবির মাধ্যমে তাকে এই শ্রদ্ধা জানানো হয়। বার্তায় চার দশকের স্মৃতি উঁকি দিয়ে মাইলসের পক্ষ থেকে জানানো হয়, দলের ভিত তৈরিতে শাফিন ছিলেন অন্যতম প্রধান স্তম্ভ। 

মাইলসের প্রকাশিত বার্তায় শাফিনের অবদান স্মরণ করে বলা হয়, আজ শাফিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছি। শাফিন আহমেদ ছিল মাইলসের অন্যতম স্তম্ভ। চার দশকেরও বেশি সময় ধরে শাফিন মাইলসের লিড ভোকালিস্ট, বেজ গিটারিস্ট ও কম্পোজার হিসেবে হিসেবে মাইলসের পরিচয় ও যাত্রাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শাফিনের কালজয়ী সৃষ্টির কথা তুলে ধরে সেখানে আরও বলা হয়, ‘প্রথম প্রেমের মতো’, ‘কী জাদু’, ‘পাহাড়ী মেয়ে’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’, ‘পাতা ঝরে যায়’ এবং মানাম আহমেদ এর সুরে - ‘চাঁদ তারা’, ‘ধ্বিকি ধ্বিকি’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’—সহ অসংখ্য কালজয়ী গান তার সৃজনশীলতার সাক্ষ্য বহন করে।

মঞ্চে তার গায়কী ও উপস্থিতির প্রভাব স্মরণ করে মাইলসের পক্ষ থেকে বলা হয়, তার অনন্য কণ্ঠ, গ্রুভভিত্তিক সুরেলা বেস লাইন, অসাধারণ সংগীতবোধ এবং স্বতঃস্ফূর্ত মঞ্চ উপস্থিতি মাইলসের প্রতিটি পরিবেশনাকে করে তুলেছিল অনন্য ও স্মরণীয় যা প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে মাইলসকে অন্যতম সেরা রক ফিউশান ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বার্তার শেষাংশে শাফিন আহমেদের সংগীতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, তার সৃষ্টি এবং তার রেখে যাওয়া সংগীতের আবেদন চিরকাল বেঁচে থাকবে—প্রতিটি সুরে, প্রতিটি মঞ্চে এবং লাখো শ্রোতার হৃদয়ে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গান পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই রক তারকা। পরে দেশে এনে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৯৬১ সালে জন্মগ্রহণ করা শাফিন আহমেদ দীর্ঘ ক্যারিয়ারে 'নীলা', 'আজ জন্মদিন তোমার', 'পিয়াসী মন'-এর মতো অসংখ্য ইতিহাস সৃষ্টকারী গান উপহার দিয়ে কোটি শ্রোতার হৃদয়ে অমর হয়ে আছেন।

ডিএ