বিজ্ঞাপন

‘কী করে সব ভুলে যাই’, শাফিন আহমেদকে প্রিন্স মাহমুদের স্মরণ

‘কী করে সব ভুলে যাই’, শাফিন আহমেদকে প্রিন্স মাহমুদের স্মরণ

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শাফিন আহমেদকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। শাফিনের দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি। 

'মাইলস' তারকা প্রয়াত শাফিন আহমেদের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘নাই নাই নাই, নাই তুমি নাই, কী করে সব ভুলে যাই’—এই গান যে একবার শুনেছে কী করে ভুলবে সে? এই আবেগ এই নস্টালজিয়া! অসংখ্য গানের স্মৃতি আমাদের, কী করে ভুলে যাই?

শাফিন আহমেদের প্রয়াণের আক্ষেপ রেখে এই গীতিকার লিখেছেন, ‘প্রিয় শাফিন ভাই, এ কেমন চলে যাওয়া ছিল? এমন যাওয়া ই চেয়েছিলে বুঝি? এই যাওয়াকেই কী 'নীল' রঙে দেখি? এই মৃত্যুই কী 'নীল মৃত্যু'?’

জীবনের ক্লান্তি ও ক্ষয় থেকে শাফিনের চিরমুক্তির প্রসঙ্গ টেনে প্রিন্স মাহমুদ আরও লেখেন, ‘জীবনের সব ক্লান্তি, ক্ষয় থেকে চিরতরে মুক্তি পাওয়া! বিষাদময় হলেও একেই কী নির্মল বলতে হবে? নির্মলেই পৌঁছেছ খুব সহজে, তাহলে।’

পোস্টের শেষাংশে শাফিন আহমেদের আত্মার শান্তি কামনা করে প্রিন্স মাহমুদ লেখেন, ‘চলে যাওয়ার এই দিনে আত্মার শান্তি কামনা করছি, ভালো থাকবে ভাই...’

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন আহমেদ। গান পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে দেশে এনে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দীর্ঘ সংগীতজীবনে ‘নীলা’, ‘আজ জন্মদিন তোমার’, ‘পিয়াসী মন’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।

ডিএ