বিজ্ঞাপন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : কমল, প্রিয়াঙ্কা, প্রকাশরা যা বলেছেন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : কমল, প্রিয়াঙ্কা, প্রকাশরা যা বলেছেন

অবশেষে ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবি আদায় হলো। পদত্যাগ করেছেন দেশটির সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সমাজকর্মী সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন এবং দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) লাগাতার বিক্ষোভের পর পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, এমনি আনন্দিত তারকারাও। অনেক তারকা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

খবরের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। উচ্ছ্বাস প্রকাশ করেছেন করতালি, হাসি ও হৃদয়ের ইমোজি দিয়ে।

অভিনেতা কমল হাসান ‘এক্স’-এ লেখেন, ‘সংঘাতের জায়গায় সংলাপকে আসতে দেখে ভালো লাগছে। ভিন্নমতেরও সংলাপ প্রাপ্য। এটাই গণতন্ত্রের বাস্তব প্রয়োগ। বাপুর দেশে পেলেট গান, বৈদ্যুতিক শক দেওয়ার লাঠি কিংবা পেরেক লাগানো লাঠির কোনো স্থান নেই। একইভাবে নিরাপত্তাকর্মী ও সরকারি সম্পত্তির ওপর হামলার ঘটনাও নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। জবাবদিহি কখনোই বেছে বেছে হতে পারে না।’

সরকারের আলোচনায় বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের আলোচনায় বসার ইচ্ছাকে স্বাগত জানাই। এখন আমাদের নিশ্চিত করতে হবে, এই সংলাপ যেন দীর্ঘস্থায়ী সংস্কারের পথ তৈরি করে। সামনে পথ দীর্ঘ, তবে ভারতীয়দের একসঙ্গেই সেই পথে হাঁটতে হবে।’

অভিনেত্রী ভূমি পেডনেকরও ইনস্টাগ্রামে প্রধানের পদত্যাগকে সমর্থন করেন। দীর্ঘ ক্যাপশনে তিনি ঘটনাটিকে ‘গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেন।

নির্মাতা জোয়া আখতারও ইনস্টাগ্রামে জেন-জি প্রজন্মের প্রশংসা করেছেন। তিনি লেখেন, ‘এই আন্দোলন আমাদের অনেক কিছু মনে করিয়ে দিয়েছে’ এরপর তিনি একটি উদ্ধৃতি শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, ‘গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা, যেখানে ক্ষমতা জনগণের হাতে থাকে।’

অভিনেতা প্রকাশ রাজ সরাসরি আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি প্রতিক্রিয়ায় ‘এক্স’-এ লেখেন, ‘অভিনন্দন, আমার প্রিয় ককরোচরা। প্রিয় সোনম ওয়াংচুক স্যার এবং তরুণদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন, ঐক্যবদ্ধ হলে একটি সরকারকেও নতজানু করে দেওয়া সম্ভব।’

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রতিক্রিয়ায় অভিনেতা বিজয় ভার্মা ইনস্টাগ্রামে সাবেক এই মন্ত্রীর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আচ্ছা, চলতা হুঁ, দুয়াওঁ মে ইয়াদ রাখনা’; অর্থাৎ, ‘ঠিক আছে, এবার বিদায় নিচ্ছি। প্রার্থনায় আমাকে মনে রেখো।’

অভিনেত্রী অদিতি রাও হায়দারি তার ইনস্টাগ্রাম স্টোরিতে তরুণদের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, ‘জেন-জি জয়ী হয়েছে। সততা, মর্যাদা, অহিংসা, জবাবদিহি, বাকস্বাধীনতা ও বুদ্ধিমত্তার জন্য আরও শক্তি কামনা করি। ভয়, বিভাজন ও ঘৃণার চেয়ে যেন সবসময় এগুলোর কণ্ঠস্বরই জোরালো হয়।’

অভিনেতা মানব কৌল লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি তরুণ প্রজন্ম; এই দেশ তোমাদের। এখন সবকিছু তোমাদের হাতেই। চলো, শুরু করি। জয় হিন্দ।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের এই আন্দোলনে প্রথম দিক থেকেই সরব ছিলেন অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরুদ্দিন শাহর মতো কিংবদন্তি তারকারা।

কেআই