বিজ্ঞাপন

বব ডিলানের কনসার্টে গিয়ে আপ্লুত সুমি

বব ডিলানের কনসার্টে গিয়ে আপ্লুত সুমি

বব ডিলান। পৃথিবীর সর্বকালের সেরা সংগীতশিল্পীদের একজন। যার কথা, গানে অনুপ্রেরণার দ্যুতি খুঁজে পেয়েছেন বিশ্বের হাজারো শিল্পী। আর মুগ্ধতায় ডুবেছে কোটি কোটি শ্রোতা। সেই কিংবদন্তির কনসার্টে হাজির হলেন বাংলাদেশের ‘চিরকুট’ খ্যাত শিল্পী শারমিন সুলতানা সুমি। সামনে থেকে প্রিয় শিল্পীকে গাইতে দেখে আপ্লুত তিনি।

শনিবার ফেসবুকে কনসার্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন সুমি। জানালেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের উলফ ট্র্যাপ ন্যাশনাল পার্ক পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হয়েছে এ কনসার্ট। হাজারো দর্শকের মাঝে ছিলেন সুমিও। এই কনসার্টে হাজির হওয়াকে সুমি ব্যাখ্যা করলেন এভাবে, ‘…পথে বব ডিলানের সাথে দেখা!’

অতঃপর সুমি লিখেছেন, “পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা সিঙ্গার-সংরাইটার তিনি। তার দর্শন আর গানের ধূলো মেখে নেয়ার পরম সৌভাগ্য হলো উলফ ট্র্যাপের ঘন অরণ্যে। মাথায় হালকা চাঁদের আকাশ, বাতাসে বিনীত মৌনতা আর চিরচেনা পথের তাগিদে মনে তখন কত কত গল্পের একটাই প্রশ্ন ‘কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়!’ (বব ডিলানের বিখ্যাত গানের বাংলা সংস্করণের লাইন)।”  

বব ডিলানের কনসার্টে সুমি

সুমি জানান, কনসার্টে নিজেকে একটু আড়াল রেখেই গান গেয়েছেন বব ডিলান। ‘চিরকুট’ দলনেতার ভাষ্য, ‘হুডি পরে, গ্র্যান্ড পিয়ানো বাজিয়ে (ছবিতে তাকে সব সময় গিটার হাতেই দেখা গেছে বেশি) গেয়ে গেলেন একের পর এক গান। কোনো জানা গান গাইলেন না। চেহারাটা পর্যন্ত কাউকে দেখতে দিলেন না। পঁচাশি বছর বয়সের কোনো ছাপ কণ্ঠে নেই। পৃথিবীকে সুন্দর করতে যারা নিজেরাই মহাকাশ হন; আলোর ছাপ রেখে চলেন অসীমের সুরে; তাদের আবার বয়স হয় নাকি!’

সবশেষে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুমি লেখেন, ‘বেঁচে থাকেন গুরু, শত সহস্র জনমে, উজ্জীবনের স্রোতে! সাথে এই অধমের সালামটুকু নিয়েন।’

কনসার্টে হাজারো দর্শকের ভিড়

প্রায় সাত দশক ধরে গানের সঙ্গে মিশে আছেন বব ডিলান। একটি অস্কার, দশটি গ্র্যামিসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়া ২০০৮ সালে সাহিত্যের অন্যতম সেরা পুরস্কার পুলিৎজার প্রাইজ এবং ২০১৬ সালে পেয়েছেন সাহিত্যের সর্বোচ্চ খেতাব হিসেবে স্বীকৃতি নোবেল পুরস্কার।

কেআই

বিজ্ঞাপন