দেশের চলচ্চিত্রে বড় আয়োজনে আসছে ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। বানাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা ধরেছেন নেপথ্যে গল্পের হাল। একঝাঁক তারকার অভিনয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে। এবার সিনেমাটি নিয়ে একটি অ্যানাউন্সমেন্ট দিলেন নির্মাতা।
সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি কাল্পনিক লুক শেয়ার করে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, এতদিন আমরা আড়ালে কাজ করেছি। চেষ্টা করেছি একটা ছবি বানাতে, যেটা আপনাদের সম্পূর্ণ নতুন এক্সপেরিয়েন্স দেবে। এখন ধীরে ধীরে সব আন্ধার থেকে আলোয় আসবে, আপনাদের সামনে। আন্ধার-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা সঙ্গে আছেন তো?
সেই ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে একটি নির্জন রাস্তার পাশে আলো জ্বালানো দোকান ও একটি হলুদ রঙের জিপ গাড়ি। নিচে বড় করে লেখা ‘ANDHAR’ এবং তার নিচে লেখা ‘THE JOURNEY BEGINS.’।
সামাজিক মাধ্যমে পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটিজেন ও ভক্তদের মধ্যে দারুণ উদ্দীপনা দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানানোর পাশাপাশি টিজার ও ট্রেলারের জন্য অপেক্ষা প্রকাশের কথা জানিয়েছেন।
গত বছর ‘আন্ধার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। তখনই জানানো হয় ২০২৬ সালে এটি মুক্তি পাবে। সিনেমাটির শুটিং শেষ হয়েছে বেশ আগেই, সম্প্রতি শেষ হয়েছে ডাবিং পর্বও। ভারতের মুম্বাইয়ে একটি নামি প্রতিষ্ঠানে ছবিটির পোস্ট-প্রডাকশন ও সম্পাদনার কাজ চলেছে। সেখানে রাফী ও আদনানও তার সাথে ছিলেন।
জানা গেছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মুক্তির তারিখ; চলতি ২০২৬ সালের শেষ দিকেই প্রেক্ষাগৃহে আলো ছড়াবে এই ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’।
উল্লেখ্য, শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন দীর্ঘদিন ভূত নিয়ে গবেষণা এবং রেডিওতে ‘ভৌতিস্ট’ শো পরিচালনা করার অভিজ্ঞতা থেকে এই সিনেমার মূল গল্প বুনেছেন। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিনসহ একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন মুখ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
ডিএ
