বিজ্ঞাপন

যেটাকে অসম্ভব ভাবতাম, সেটাই সম্ভব হয়েছে : কিরণ রাও

যেটাকে অসম্ভব ভাবতাম, সেটাই সম্ভব হয়েছে : কিরণ রাও

যে দাবি আদায়কে একসময় অলৌকিক বা অসম্ভব বলে মনে করা হচ্ছিল, ভারতের প্রতিবাদী তরুণ প্রজন্ম ঠিক সেটাই সত্যি করে দেখিয়েছে! বিতর্কিত ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর তরুণদের এই ঐতিহাসিক জয়ে নিজের উচ্ছ্বাস ও মুগ্ধতা চেপে রাখতে পারলেন না বলিউডের স্বনামধন্য প্রযোজক ও পরিচালক কিরণ রাও।

বলিউডের মিষ্টার পারফেক্টশনিস্ট আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ সোশ্যাল মিডিয়ায় বিজয়ী শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘জেন জি, তোমরা সত্যিই করে দেখালে! আমরা যেটাকে একসময় অসম্ভব বলে ভাবতাম, সেটাই আজ বাস্তবে সম্ভব হয়েছে।’

কিরণের ভাষ্যে, ‘তা-ও আবার অনন্য রসবোধ, দৃঢ় আত্মবিশ্বাস, প্রজ্ঞা আর অপরিসীম সহমর্মিতার সঙ্গে যা পুরো আন্দোলনকে একদম ভিন্ন এক মাত্রায় নিয়ে গেছে। তোমাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। তোমাদের এই দূরদর্শিতার কারণেই যেন ফের নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি। আমরা চিরদিন তোমাদের কাছে ঋণী হয়ে থাকব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সংবিধানের ছবি শেয়ার করে এই বার্তা দেন কিরণ। শুধু শিক্ষার্থীরাই নয়, আন্দোলনের গতি বজায় রাখা ‘ককরোচ জনতা পার্টি’র সাহসী ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি। তরুণদের উদ্দেশ্য করে কিরণ আরও যোগ করেন, ‘ধন্যবাদ ককরোচ জনতা পার্টিকে। তোমরা সত্যিই অনন্য ও সাহসী নেতৃত্বের পরিচয় দিয়েছ। তবে এখানেই শেষ নয়; এবার ঐক্য ও স্বাধীনতার জন্য দীর্ঘ পথচলার আসল সময়। প্রস্তুত হও এবং সামনের দিকে এগিয়ে চলো।’

উল্লেখ্য, এবারই প্রথম নয় এর আগেও বাস্তবধর্মী যেকোনো ন্যায়সঙ্গত দাবির পক্ষে সরব হয়েছেন কিরণ রাও। লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন কর্মসূচি থেকে শুরু করে শিক্ষার্থীদের যেকোনো যুক্তিসঙ্গত আন্দোলনে তিনি শুরু থেকেই পাশে দাঁড়িয়েছেন।

এমআইকে

বিজ্ঞাপন