নিউইয়র্কে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ ও প্রসূন রহমানের ‘শিকড়’সহ তিনটি পূর্ণদৈর্ঘ্য, দুটি তথ্যচিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আয়োজন। এদিকে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা আহমেদ শরীফকে দেওয়া হবে ‘আজীবন সম্মাননা’।
নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। তবে এর আগে ৩০ জুলাই থেকে তিন দিনব্যাপী চলবে ১০টি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।
‘প্রিয়জন ফিল্মস’ ও ‘লেমন স্টুডিও’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এতে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
উৎসবের প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
দ্বিতীয় দিন ৩১ জুলাই থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইট্যারনাল জার্নি’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।
শেষ দিন ১ আগস্ট প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। এদিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘শিকড়’।
তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী শেষে ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন ও পুরস্কার বিতরণী। এতে যোগ দিতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন।
আয়োজকদের তথ্যমতে, উৎসবের প্রথম আসরে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রের মধ্য থেকে সেরা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীসহ মোট ২০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে অবদানের জন্য ‘বায়োস্কোপ ফিল্মস’ এবং দেশের প্রেক্ষাগৃহ আধুনিকায়নে ভূমিকার জন্য ‘স্টার সিনেপ্লেক্স’-কে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
ডিএ
