বিজ্ঞাপন

আমেরিকার আগে বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

আমেরিকার আগে বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকের মনে আগ্রহের পারদ তুঙ্গে। বহুল আকাঙ্ক্ষিত এই ছবি আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাবে ৩১ জুলাই। তবে তার এক দিন আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আজ বিকালে খবরটি নিশ্চিত করেছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। তাদের সবগুলো শাখায় ৩০ জুলাই থেকে চলবে ছবিটি।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তার নায়িকা জেন্ডায়াও থাকছেন আগের মতোই। জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলো-এর চেনা প্রত্যাবর্তনের পাশাপাশি এই ছবিতে বেশ কয়েকটি নতুন মুখের সংযোজন ঘটছে।

পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর এমজে তার জীবনে নতুন করে এগিয়ে গিয়েছে। ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্দি এই ছবিতে এমজে-এর নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক এই ছবিতে একটি অত্যন্ত রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন। আরো বড় ধামাকা হলো, জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর জন বার্নথাল আবারও তার আইকনিক ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় কামব্যাক করছেন এ ছবির মাধ্যমে।

‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ ছবির দৃশ্য

‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’-এর পর পিটার পার্কারের নতুন অধ্যায় কীভাবে শুরু হবে এটা দেখার জন্য মুখিয়ে আছে সবাই। ওই গল্পের চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা।

শুধু গল্প বা ভিজ্যুয়াল ইফেক্ট নয়, প্রযুক্তিগত দিক থেকেও অভিনব সিনেমাটি। এটি বিশ্বের প্রথম সিনেমা, যেটা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স হলো এক ধরনের উন্নত সিনেমা প্রদর্শন প্রযুক্তি, যেটাতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউ উপভোগ করতে পারবেন।

কেআই