ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ‘পেদ্দি’ ছবির শুটিং চলাকালে কব্জিতে গুরুতর চোট পান তিনি। দীর্ঘদিন এই তীব্র ব্যথা নিয়েই ছবির কাজ ও প্রচার চালিয়ে গেলেও অবশেষে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে তাকে। সোমবার ভারতের কোয়েম্বাটুরের একটি হাসপাতালে তার কব্জিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পেদ্দি’র একটি কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই রাম চরণের কব্জিতে বড় ধরনের আঘাত লাগে। চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও পূর্বনির্ধারিত শুটিং ও ছবির প্রচারের খাতিরে তিনি তা পিছিয়ে দেন। ওই সময়ে বিভিন্ন পাবলিক ইভেন্ট ও অনুষ্ঠানে তার হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছিল।
অস্ত্রোপচারের উদ্দেশ্যে যাত্রা করার আগে রোববার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা মেলে এই তারকার। কঠিন এই সময়ে তার পাশে ছিলেন বাবা চিরঞ্জীবী, মা সুরেশা এবং স্ত্রী উপাসনা কামিনেনী। পরিবারকে সঙ্গে নিয়েই তিনি চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন। রাম চরণের অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ছড়ানো তার ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে। তবে সুস্থ হয়ে উঠতে তাকে আপাতত কয়েক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ। এতে তার সঙ্গে আরও রয়েছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, দিব্যেন্দু ও জগপতি বাবুর মতো তারকারা। মুক্তি পাওয়ার পর জাহ্নবীর অভিনয় নিয়ে একাংশের সমালোচনা হলেও ছবিটি বিশ্বব্যাপী ৩৪০ কোটি টাকারও বেশি ব্যবসা করে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে।
এমআইকে
