বিজ্ঞাপন

ব্রেইন সার্জারির পর কেউ পাশে নেই ইবরার টিপুর, স্ত্রীর আকুতি

ব্রেইন সার্জারির পর কেউ পাশে নেই ইবরার টিপুর, স্ত্রীর আকুতি

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দুই বছরের লড়াইয়ের পর সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেইন সার্জারি) হয়েছে দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপুর। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার ক্লান্তি ও একা বোধ করার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই শিল্পী।  

গত সোমবার (২৭ জুলাই) ইবরার টিপুর নিজস্ব ফেসবুক আইডি থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার কষ্ট তুলে ধরে লেখা হয়, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম...। আল্লাহ তুমি মাফ করো না...। আমার সবচেয়ে কষ্ট—আমার বাবা নেই... মা থেকেও নেই...। আর একজন এতিমের কেউ থাকে না আসলে... ২ বছরের হাসপাতালের এত কষ্ট নিয়েছি আর কিছুই বলার নেই... বাসার খাওয়া তো নসিবে হবে না... সবাই ব্যস্ত.. শুধু আমি হাসপাতালের আকাশে তাকিয়ে থাকি, অপেক্ষায় কেউ যদি একটু হাসি মুখে কথা বলে... একটু সময় কেটে যায়... ব্রেইন সার্জারি হলো ৪ দিন.... সবাই ব্যস্ত.. বউ, মেয়ে, ছেলে সবাই ব্যস্ত.... ভালো থাকুক সবাই....।

সংগীতশিল্পী ইবরার টিপু। ছবি- ফেসবুক।

যদিও পোস্টটি পরবর্তীতে তার টাইমলাইনে দেখা যায়নি। 

এরপর মঙ্গলবার সকালে ইবরার টিপুকে ট্যাগ করে ফেসবুকে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে পোস্ট দেন তার স্ত্রী, সংগীতশিল্পী মরিয়ম আক্তার কনা (বিন্দু কণা)। অপ্রয়োজনীয় ফোন বা মেসেজ না দেওয়ার অনুরোধ জানিয়ে লেখেন, দয়া করে আমাকে কেউ কল বা মেসেজ করবেন না। পারলে দোয়া করেন, না পারলে মনের আনন্দে কিছু একটা পোস্ট করেন। না হয় এসে সাহায্য করেন। আর তাও যদি না পারেন তাহলে দিন গোনেন। আল্লাহ যেন আপনাদেরও এমন একটা সময় পার করায়। মানুষ হন, আল্লাহ হেদায়েত দিক আপনাদের।

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে বড় ধরনের অস্ত্রোপচার ও থেরাপির মধ্য দিয়ে যেতে হয়। ক্যানসারের চিকিৎসার মধ্যেই সম্প্রতি তার ব্রেইন সার্জারি সম্পন্ন হলো।

তিন দশকের বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন ইবরার টিপু। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে তার সুর ও সংগীতে তৈরি স্বাগত গান ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। এছাড়া বিভিন্ন রিয়েলিটি শো এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের বহু জনপ্রিয় গানের সংগীত আয়োজন করেছেন তিনি।

ডিএ