বিজ্ঞাপন

ববিতাকে নিয়ে বিশেষ আয়োজন, কথা বলবেন ১০ তারকা

ববিতাকে নিয়ে বিশেষ আয়োজন, কথা বলবেন ১০ তারকা

নায়িকা ও অভিনেত্রী মধ্যকার ব্যবধান ঘুচিয়ে যিনি অনন্য পথ তৈরি করেছেন, তিনি ফরিদা আক্তার ববিতা। একাধিক প্রজন্মের আদর্শ হয়ে ওঠা এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিন ৩০ জুলাই। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে মাছরাঙা টেলিভিশন। যেখানে থাকবে ১০ জন নন্দিত তারকার উপস্থিতি।

সাধারণত জন্মদিনে ছেলের কাছে কানাডায় থাকেন ববিতা। এবারও তাই ঘটবে। তবে দেশে তাকে নিয়ে থাকছে এই বিশেষ আয়োজন। ‘ববিতা সমগ্র’ শিরোনামের অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় রুম্মান রশীদ খান। অনুষ্ঠানটির শুটিং আগেই সম্পন্ন হয়েছে। ফলে এতে ববিতার উপস্থিতিও থাকছে। 

অনুষ্ঠানে অভিনেত্রীর জন্ম থেকে অদ্যাবধি পুরো জীবনের ওপর আলোকপাত করা হবে। ববিতার জীবনের নানা জানা-অজানা ঘটনা, চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবনের বিভিন্ন দিকসহ তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কথায় সাজানো হচ্ছে অনুষ্ঠানটি।

সহকর্মী তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা, অভিনেতা আফজাল হোসেন ও শাকিব খান। তারা সবাই কথা বলবেন ববিতাকে নিয়ে, স্মৃতিচারণা করবেন, জানাবেন জন্মদিনের শুভেচ্ছা।

বিশেষ এই আয়োজন নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ববিতা বলেন, “যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। খুবই ভালো হয়েছে আয়োজন। অনুষ্ঠানটি দেখলে আমাকেই জানা হয়ে যাবে পুরোটা। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।”

ববিতা

সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, “ববিতার লাখো-কোটি ভক্তের জন্য অসামান্য এক দলিল হয়ে থাকবে ‘ববিতা সমগ্র’। কারণ, সেলিব্রিটি টক শোতে সাধারণত আলাপচারিতাই প্রাধান্য পায়। কিন্তু ববিতা সমগ্র অনুষ্ঠানে ছকে বাঁধা গল্পের বাইরে থাকবে অভিনেত্রীকে ঘিরে অভিনব অনেক আয়োজন। দর্শক এখানে শুধু সাক্ষাৎকারই নয়, ববিতার অনন্য জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নতুনভাবে আবিষ্কার করবেন।”

মাছরাঙা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ববিতা সমগ্র’ প্রচারিত হবে ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে। প্রযোজনায় অজয় পোদ্দার।

কেআই