বিজ্ঞাপন

সাক্ষাৎকার

ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলা উচিত : পার্থ শেখ

ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলা উচিত : পার্থ শেখ

প্রায় সাত মাসের বিরতির পর পর্দায় ফিরলেন অভিনেতা পার্থ শেখ। ‘অমর প্রেম’ দিয়ে ফিরে দারুণ সাড়া পাচ্ছেন। জাহিদুল ইসলাম সুজনের নাটকটি এক দিনেই দুই মিলিয়ন ভিউ পার করেছে। নাটকে পার্থর অভিনয়ও আলাদা করে প্রশংসিত হচ্ছে। বিরতি, বিয়ে ও ফেরা নিয়ে অভিনেতার সঙ্গে কথা বলেছেন ইব্রাহীম জাহিদ

ঢাকা পোস্ট: ‘অমর প্রেম’ দিয়েই কি তাহলে দ্বিতীয় ইনিংসের শুরু?

পার্থ শেখ: হ্যাঁ, বলতে পারেন। এখন থেকে নিয়মিত কাজ করব।

ঢাকা পোস্ট: তৌসিফ মাহবুব থেকে শুরু করে অনেক পরিচালকও আপনার অভিনয়ের বেশ প্রশংসা করছেন, এমন প্রশংসায় অনুভূতি কেমন?

পার্থ শেখ: অবশ্যই ভালো লাগছে। তারা আমার বড় ভাই, দুজনেই (তৌসিফ ও নির্মাতা ইমরাউল রাফাত) আমার খুবই কাছের। তাদের কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পাই, অনেক কিছু শিখি। সব মিলিয়ে তাদের কাছ থেকে প্রশংসা পেয়ে সত্যি খুব গর্ববোধ করছি।

ঢাকা পোস্ট: নাটকটি একদিনে ২০ লাখ ভিউ পার করেছে। এত মানুষের ভালোবাসা পেয়ে কেমন লাগছে?

পার্থ শেখ: অবশ্যই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো! অনেক দিন পর ফিরলাম, আর এই ধরনের রেসপন্স পেয়ে সত্যিই দারুণ লাগছে।

মনে হয়েছিল, ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলা উচিত, তাই বিয়ে করে ফেলেছি। আর এটা নিয়েই ব্যক্তিগত ব্যস্ততা ছিল।

ঢাকা পোস্ট: নাটকটিতে আপনার সঙ্গে আছেন তটিনী। তার সঙ্গে জুটি বেঁধে কাজের অভিজ্ঞতা কেমন?

পার্থ শেখ: খুবই ভালো, সে খুবই সাপোর্টিভ ও ভালো মানুষ। ফলে শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার ছিল।

পার্থ শেখের সঙ্গে তটিনী। ছবি : শিল্পীর সৌজন্যে

ঢাকা পোস্ট: বিরতির সময়ে অভিনয়কে কতটা মিস করেছেন?

পার্থ শেখ: অনেক! অনেক মিস করেছি। 

ঢাকা পোস্ট: বিরতিটা ঠিক কী কারণে নিয়েছিলেন?

পার্থ শেখ: বিরতির পেছনে বিশেষ কোনো কারণ ছিল না। মনে হয়েছিল, ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলা উচিত, তাই বিয়ে করে ফেলেছি। আর এটা নিয়েই ব্যক্তিগত ব্যস্ততা ছিল। সেজন্য বিরতিটা নিতে হলো। 

ঢাকা পোস্ট: জীবনের নতুন এই অধ্যায় কেমন চলছে?

পার্থ শেখ: আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো যাচ্ছে।

পার্থ শেখ

ঢাকা পোস্ট: আপনার জীবনসঙ্গী শোবিজের বাইরের মানুষ। আপনার অভিনয় নিয়ে তার প্রতিক্রিয়া কেমন?

পার্থ শেখ: সে খুবই অ্যাপ্রিশিয়েট করে এবং আমার কাজ নিয়েও অনেক সাপোর্টিভ। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট।
 
ঢাকা পোস্ট: অভিনয়ে নতুন আর কী করছেন?

পার্থ শেখ: সামনে দর্শক আমাকে নিয়মিত নাটকে দেখবেন, সেই সঙ্গে ওয়েব ফিল্মেও দেখা যাবে। আপাতত এটাই চলছে, ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ আসবে।

ঢাকা পোস্ট: আপনি তো নির্মাণও করেন। সেদিকে নতুন কী পরিকল্পনা করছেন?

পার্থ শেখ: নির্মাণের কাজ আপাতত বন্ধ রেখেছি। এখন করছি না। সামনে করার পরিকল্পনা আছে। দেখা যাক। 

এমআইকে/কেআই