বলিউডের বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী ও সফল পরিচালক-প্রযোজক করণ জোহর। গ্ল্যামারাস সিনেমা আর রাজকীয় নির্মাণের জন্য যার জুড়ি মেলা ভার। তবে রুপালি জগতের এই চোখধাঁধানো উজ্জ্বলতার পেছনে ছিল এক দ্বিধাদ্বন্দ্বের গল্প। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই জীবনের মোড় ঘুরিয়ে দেন দুই রূপকার আদিত্য চোপড়া ও শাহরুখ খান।
সম্প্রতি সেই আবেগময় স্মৃতি ও কৃতজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন এই নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করে করণ জোহর তুলে ধরেছেন তার ক্যারিয়ারের শুরুর গল্প। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া কীভাবে তাকে চলচ্চিত্রে আসতে উদ্বুদ্ধ করেছিলেন।
তা স্মরণ করে করণ লেখেন কিংবদন্তি চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিতে তাকে সহকারী পরিচালক হিসেবে কাজ করার প্রস্তাব দেন আদিত্য। কিন্তু করণ তখন বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত।
করণ সেই স্মৃতি হাতড়ে লেখেন, ‘আদিত্য বলেছিলেন, ‘আমি যদি এই পথ না বেছে নিই, তাহলে জীবনের বড় ভুল করব।’ আদিত্যের এই একটি কথাই ওলটপালট করে দেয় তরুণ করণের চিন্তার জগত। স্মৃতির পাতা উল্টে তিনি লেখেন, ‘সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে পুরো ছবির নায়কের মতো বাবার কাছে গিয়ে বলেছিলাম, একটা বছর আমাকে দিতে হবে।’
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গেও জড়িয়ে আছে তার পরিচালক হয়ে ওঠার পরম এক মুহূর্ত। সুইজারল্যান্ডে শুটিংয়ের সময় এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে করণের কাঁধে হাত রেখে শাহরুখ বলেছিলেন, ‘তুই পরিচালকই হবি। আর তোর প্রথম ছবিতে আমি কাজ করব।’
প্রথমে করণের মনে হয়েছিল শাহরুখ হয়তো রসিকতা করছেন। কিন্তু ভারতে ফিরেই রূপ নেয় আসল সত্যে। শাহরুখ নিজেই করণের বাবা, প্রখ্যাত প্রযোজক যশ জোহরের সঙ্গে কথা বলেন এবং প্রথম ছবিতে কাজ করার দেওয়া কথা অক্ষরে অক্ষরে রাখেন। সেখান থেকেই জন্ম নেয় ইতিহাস গড়া সিনেমা ‘কুছ কুছ হোতা হে’।
গুরুদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়ে করণ আরও লেখেন, ‘আদি আর ভাই, তোমাদের দু’জনকেই আমি ভালোবাসি। আমার শক্তি, দুর্বলতা, সাফল্য, ব্যর্থতা সব কিছু নিয়েই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমাদের জন্য। আজ আমি গল্প বলতে পারি, তার একমাত্র কারণ তোমরা। গুরুপূর্ণিমার শুভেচ্ছা। আর প্রত্যেক গুরুকে কুর্নিশ, যারা নিঃস্বার্থ ভাবে অন্যের জীবনে পথ দেখিয়েছেন।’
এমআইকে
