বিজ্ঞাপন

মাইগ্রেশন ফিল্ম ফেস্টে সেরা ‘হাউ ডু ইউ ডু’

মাইগ্রেশন ফিল্ম ফেস্টে সেরা ‘হাউ ডু ইউ ডু’

অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের মতো সংবেদনশীল বিষয়ের পেছনের মানবিক ট্র্যাজেডি আর জীবনের নির্মম গল্প সেলুলয়েডে তুলে ধরে বাজিমাত করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাউ ডু ইউ ডু’। দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট ২০২৬’-এর জাতীয় বিভাগে সেরা চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে আবীর ফেরদৌস মুখর পরিচালিত এই সৃষ্টি।

অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মানব পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী গণসচেতনতামূলক উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বমঞ্চ থেকে জমা পড়া ২৪টি দেশের এক হাজারেরও বেশি চলচ্চিত্রের সঙ্গে লড়াই করে এই স্বীকৃতি ছিনিয়ে নেয় ছবিটি।

প্রাথমিক বাছাই শেষে ৫৭টি ছবি তালিকায় এলেও চূড়ান্ত প্রতিযোগিতায় স্থান পায় ২৩টি চলচ্চিত্র যার মধ্যে জাতীয় বিভাগে ১৩টি এবং আন্তর্জাতিক বিভাগে ছিল ১০টি ছবি। বিচারকমণ্ডলী উভয় বিভাগেই তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্রকে পুরস্কৃত করেন।

রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।

উৎসবের সেরা স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা আবীর ফেরদৌস মুখর বলেন, “এই স্বীকৃতি পুরো টিমের। আমরা এমন একটি গল্প বলতে চেয়েছি, যা শুধু অভিবাসনের পরিসংখ্যান নয়, এর পেছনে থাকা মানুষের জীবন, স্বপ্ন ও সংকটকে তুলে ধরে। এই অর্জন আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রিজভী রিজু ও সাদ্দাম রহমান। নাফিসা আনজুমের প্রযোজনায় চিত্রগ্রহণ করেছেন সমর ঢালী এবং সম্পাদনায় ছিলেন সাব্বির রহমান। এছাড়া পোশাক পরিকল্পনায় ফারজানা এনি, সংগীতে অভিষেক ভট্টাচার্য, সাউন্ড ডিজাইনে মুক্তনীল এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রুফতি তাহসিন।

এমআইকে