বিজ্ঞাপন

হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার

বন্ধু ম্যাট ডেমনের মতো অ্যাফ্লেকও জিতলেন ১০ লাখ ডলার

বন্ধু ম্যাট ডেমনের মতো অ্যাফ্লেকও জিতলেন ১০ লাখ ডলার

প্রায় ৪৫ বছরের বন্ধুত্ব। সেই ছোটবেলা থেকেই একসঙ্গে পথ চলছেন ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক। এখন তো তারা হলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। বছর খানেক আগে ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার’-এ অংশ নিয়ে সর্বোচ্চ পুরস্কার ১০ লাখ তথা এক মিলিয়ন ডলার জিতেছিলেন ম্যাট ডেমন।

সেই খেতাবে ভাগ বসালেন এবার বেন অ্যাফ্লেকও। তিনিও জিতে নিলেন এক মিলিয়ন ডলার। সম্প্রতি ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার’-এর পঞ্চম সিজনের দ্বিতীয় পর্বে অংশ নেন অ্যাফ্লেক। সেখানে তার সঙ্গে খেলেছেন ‘জিওপার্ডি’র (আমেরিকার জনপ্রিয় কুইজ শো) চ্যাম্পিয়ন জেমি ডিং। দুজনের সমন্বিত চেষ্টায় তারা ১ মিলিয়ন ডলার জিতেছেন।

অন্যদিকে ম্যাট ডেমন যখন জিতেছিলেন, তখন তার সঙ্গী ছিলেন ‘জিওপার্ডি!’-এর কিংবদন্তি প্রতিযোগী ও বর্তমান সঞ্চালক কেন জেনিংস। সেই অর্থ তারা দিয়েছিলেন অসহায় মানুষের জন্য।

গত বছর ম্যাট ডেমন জিতেছিলেন ১ মিলিয়ন ডলার

অ্যাফ্লেক ও ডিংয়ের জেতা অর্থও দেওয়া হবে ইস্টার্ন কঙ্গো ইনিশিয়েটিভ-কে। এটি অ্যাফ্লেকের প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রথম সংগঠন, যা আফ্রিকার পূর্ব কঙ্গো অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনুদান প্রদান করে।

অনুষ্ঠানে শেষ তথা ১০ লাখ ডলারের প্রশ্নে সঞ্চালক জিমি কিমেল জানতে চান, ‘যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের ক্ষমা না পাওয়া টার্কির নাম কোনটি?’ চার অপশন শুনেও উত্তরটা মাথায় আসছিল না অ্যাফ্লেক ও ডিংয়ের। পরে তারা লাইফলাইন ব্যবহার করেন। দুটি লাইফলাইন ব্যবহার করেও নিশ্চিত উত্তর খুঁজে পাচ্ছিলেন না। পরে ঝুঁকি নিয়ে উত্তর দেন ‘স্প্যাগেটি অ্যান্ড মিটবল’; সেটাই হয়ে যায় সঠিক জবাব।

বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন

অনেক দিন ধরে ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার’ সঞ্চালনা করছেন জিমি কিমেল। তার আমলে এ নিয়ে পঞ্চম জুটি ১০ লাখ ডলার জিতল।

কেআই

বিজ্ঞাপন