কোরবানির ঈদের আগে দুটি অ্যালবামের ঘোষণা দিয়েছিল ব্যান্ড ‘অ্যাশেজ’। শুধু ঘোষণায় থেমে থাকেনি, ঈদ থেকেই একের পর এক গান প্রকাশের মধ্য দিয়ে সে কথা রেখে চলেছে গানের দলটি। এক মাসের ব্যবধানে আজ এসেছে তাদের নতুন গান ‘ছায়া’।
এটি ‘অ্যাশেজ’-এর তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’-এর ষষ্ঠ গান। রাত সাড়ে ৯টার দিকে ব্যান্ডের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে। গানের কথাগুলো এমন, ‘ফুলের ডগায় বৃষ্টির ফোঁটা লেগে আছে, যেন এখনই এসেছিল কেউ/ একটু ডাকলে তাকাবে পেছনে, ছায়ার মতো আছে দাঁড়িয়ে/’
বরাবরের মতোই গানের কথা ও সুর করেছেন ‘অ্যাশেজ’-এর ভোকাল জুনায়েদ ইভান। আর মিক্স-মাস্টারিং করেছেন ব্যান্ডের সদস্য সুলতান রাফসান খান।
নতুন এই গানের সঙ্গে আরো দুটি গানের খবর দিয়েছে ‘অ্যাশেজ’। এর মধ্যে ‘বিলবোর্ডের নিচে’ প্রকাশিত হবে আগস্টের মাঝামাঝি সময়ে, আর আগস্টের শেষ সপ্তাহে আসবে ‘ঝড়ে লণ্ডভণ্ড’। এ গানের মধ্য দিয়ে শেষ হবে ‘বিভ্রম’ অ্যালবামের প্রকাশনা।
সেখানেই থামবে না ‘অ্যাশেজ’-এর গান উৎসব। এর পরপরই শুরু হবে চতুর্থ অ্যালবাম ‘ডানাহীন পাখি’র প্রকাশনা। সে অ্যালবামে থাকবে ৯টি গান।

উল্লেখ্য, ‘অ্যাশেজ’-এর পথচলা প্রায় দুই দশকের। তবে তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ‘ছারপোকা’ প্রকাশিত হয় ২০১৪ সালে। যদিও এর আগে থেকেই শ্রোতাদের কাছে পরিচিতি পেতে শুরু করে ব্যান্ডটি। আর অ্যালবামের পর তো তরুণ শ্রোতাদের অন্যতম পছন্দের ব্যান্ড হয়ে উঠেছে এটি।
কেআই
