বিজ্ঞাপন

নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’

নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’

কণ্ঠশিল্পী নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশের শীর্ষস্থানীয় সংগীত প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশিত হতে যাচ্ছে।

এক দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে নির্জো হাবিব তার একক অ্যালবাম ‘নিঃসঙ্গতা’, চলচ্চিত্রের প্লেব্যাক গান ‘ছুঁয়ে দিলাম’ এবং বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন নাটকের জন্য ৬০টিরও বেশি গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন। তার গানগুলোর ভেতর ‘খুব একা’ ইউটিউবে ১ কোটি ২০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। এছাড়া তার গান স্পটিফাই, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনছেন শ্রোতারা।

সংগীত পরিবারে বেড়ে ওঠা নির্জো হাবিব প্রফেশনালি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এখন তিনি লন্ডনের একটি রিটেইল ফ্যাশন ব্র‍্যান্ডে কর্মরত আছেন। বাংলা গানের পাশাপাশি নিজস্ব ইংরেজি ও হিন্দি মৌলিক গান নিয়েও কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন ভাষায় কভার গান প্রকাশের মাধ্যমেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের সংগীতকে ছড়িয়ে দিয়েছেন। তার দীর্ঘ সংগীতযাত্রায় গীতিকার ও সুরকার সিরাজুম মুনীর ‘বড় ভাইয়ের’ মতো পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

‘অবুঝ প্রেম’ গানের মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে নির্জো হাবিবের সঙ্গে মডেল ও ব্লগার মারজান মানিক অভিনয় করেছেন। ভিডিওটি পরিচালনা করেছেন নির্জো হাবিব নিজেই। প্রধান চিত্রগ্রাহক হিসেবে ছিলেন আহমেদ মিন্টু, চিত্রগ্রহণ করেছেন ফাহিম ইমতিয়াজ। সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন, লিখেছেন শিল্পী নিজেই এবং মিজানুর রাফি। সম্পাদনা ও কালার করেছেন ইসমাইল হোসেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন নির্জো হাবিবের স্ত্রী অভিনেত্রী জেরিন ভূঁইয়া (মিস কুমারিকা ২০১৬ বিজয়ী)।

‘অবুঝ প্রেম’ এর পর নির্জো হাবিব তার নতুন মিউজিক ভিডিও ‘প্রার্থনা’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার সঙ্গে থাকবেন ইংলিশ মডেল ট্যামসিন। এছাড়া থার্ড ফেস-এর ব্যানারে আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে একাধিক মিউজিক ভিডিও, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের কাজও এগিয়ে চলছে।

বিআরইউ

বিজ্ঞাপন