ভারতের দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা বিজয় সেতুপতি এখন থেকে আর অন্য কোনো চলচ্চিত্রে অতিথি চরিত্র বা ‘ক্যামিও’ হিসেবে অভিনয় করবেন না। নিজের জন্য একটি কঠোর ‘নো-ক্যামিও পলিসি’ নির্ধারণ করেছেন তিনি। তবে এই কঠিন নিয়মের মাঝেও রেখেছেন কেবল একটি বিশেষ ব্যতিক্রম মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেইলার ২’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা ব্যবসায়িক ও ব্যক্তিগত কারণ খোলাসা করেছেন এই তারকা। বিজয় সেতুপতি বলেন, ‘আমি ক্যামিও চরিত্রে অভিনয় করা একদম বন্ধ করে দিয়েছি। সম্প্রতি কেবল ‘জেইলার ২’ ছবিতে একটি ছোট্ট উপস্থিতি দিয়েছি। সেটার কারণ একটাই যাতে রজনী স্যারকে কাছাকাছি থেকে দেখতে পারি।’
অতিথি চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে সেতুপতি জানান, বিষয়টি সৃজনশীলতার চেয়ে ব্যবসায়িক সমীকরণের সঙ্গেই বেশি জড়িত। অন্য অভিনেতার চলচ্চিত্রে তাকে এভাবে নিয়মিত স্বল্প সময়ের জন্য দেখা গেলে তার নিজস্ব একক চলচ্চিত্রের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলে।
সেতুপতির ভাষ্য, ‘যদি আমি রজনীকান্তের ছবিতে কোনো ক্যামিও করি, তবে মানুষ আমাকে খেয়ালই করবে না। কিন্তু অন্যান্য চলচ্চিত্রে তা করলে সেটি আমার নিজের ছবির ব্যবসায় প্রভাব ফেলে।’ রজনীকান্তের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসাই তাকে এই ব্যতিক্রমী সিদ্ধান্তের দিকে পরিচালিত করেছে বলে জানান সেতুপতি।
প্রায় পাঁচ দশক ধরে রুপালি পর্দায় রাজত্ব করা এই সুপারস্টারের কাছ থেকে শেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ‘জেইলার ২’ ছবিতে ক্যামিও করেছি কারণ আমি রজনীকান্তকে ভালোবাসি। তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। এই ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার কীভাবে কয়েক দশক ধরে টিকে থাকেন, সেখান থেকে শেখার অনেক বিষয় রয়েছে।’
কঠোর নিয়ম বাঁধলেও চিত্রনাট্যের প্রয়োজনে কিছুটা নমনীয় থাকার আভাস দিয়ে সেতুপতি আরও যোগ করেন, ‘মূলত স্ক্রিপ্টই সব নির্ধারণ করে। যদি মনে হয় চরিত্রটি আমার সঙ্গে একদম সঠিকভাবে মানিয়ে যাচ্ছে, তবে আমি করব।’
ইদানীং তাকে খল চরিত্রে বেশি দেখা যাওয়া এবং একের পর এক নেতিবাচক প্রস্তাব আসার বিষয়েও কথা বলেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘নির্মাতারা আমার কাছে যেসব খল চরিত্রের প্রস্তাব নিয়ে আসছেন, সেগুলো খুবই সাধারণ মানের এবং প্রথাগত যা গল্পের চেয়ে নায়ককে বড় করে দেখানোর জন্যই তৈরি। তবে আমি আর এমন সাধারণ খল চরিত্রে অভিনয় করতে চাই না। এখন কেবল চিত্রনাট্য যদি আমাকে আকর্ষণ করে এবং গল্পের প্রয়োজনে লাগে, তবেই খলনায়কের ভূমিকায় রাজি হব।’
উল্লেখ্য, নেলসন দিলীপকুমার পরিচালিত ও সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজিত ‘জেইলার ২’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ১৫ অক্টোবর। এতে রজনীকান্ত তার জনপ্রিয় চরিত্র ‘মুথুভেল পান্ডিয়ান’ হিসেবে ফিরছেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন এস. জে. সুরিয়া, রাম্যা কৃষ্ণন, বিদ্যা বালান, মিথুন চক্রবর্তী এবং যোগী বাবু। এছাড়া বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে মোহনলাল, শিব রাজকুমার এবং বিজয় সেতুপতিকে। এর আগে ২০২৩ সালের আগস্টে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘জেইলার’ ছবিটি বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকারও বেশি আয় করে বছরের সর্বোচ্চ আয়ের তামিল ছবির খেতাব অর্জন করেছিল।
এমআইকে
