বিনোদন জগতে তারকাদের চিরসবুজ রূপ ধরে রাখার কসরত নতুন কিছু নয়। তারুণ্য ধরে রাখতে নানা ধরণের রূপচর্চা, স্কিন ট্রিটমেন্ট কিংবা কসমোটিক প্রসিডিউরের শরণাপন্ন হন অনেকেই। কেউ তা প্রকাশ্যে স্বীকার করেন, আবার কেউ তা গোপনে রাখতেই পছন্দ করেন।
এবার সেই তালিকায় নাম জুড়ল পাকিস্তানি হার্টথ্রব অভিনেতা ফাওয়াদ খানের। সম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন কিছু ছবি ছড়িয়ে পড়ার পর অভিনেতার লুক নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। বর্তমানে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ফাওয়াদ।
যেখানে তাকে এক সামরিক ও নিরাপত্তা বাহিনীর অফিসারের চরিত্রে দেখা যাবে। ভূমিকার প্রয়োজনে ফাওয়াদ তার দীর্ঘদিনের পরিচিত চুল ছোট করে বেশ সতেজ ও নতুন একটি রূপ ধারণ করেছেন। তবে কেবল ছোট চুলের পরিবর্তনই নয়, ভক্তদের নজর কাড়ছে তার চেহারার দৃশ্যমান অন্যান্য সূক্ষ্ম পরিবর্তনও।

এই গুঞ্জনের সলতেয় আগুন পড়ে যখন নেটিজেনরা লাহোরের এক প্রখ্যাত কসমোটিক সার্জনের সঙ্গে ফাওয়াদের পূর্বের একটি ছবি খুঁজে বের করেন। এর পরেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয় তবে কি চিরসবুজ রূপ ধরে রাখতে বোটক্স, ফিলার্স কিংবা কোনো নান্দনিক চিকিৎসার পথ বেছে নিয়েছেন এই অভিনেতা?
ভক্তদের একাংশ যখন তার এই নতুন ও তারুণ্যময় চেহারার প্রশংসায় পঞ্চমুখ, তখন অনেকেই মনে করছেন এটা কেবলই নিয়মিত শারীরিক কসরত ও ওজন কমানোর ফল।
উল্লেখ্য, পাকিস্তানি নাটক ও সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা বর্তমানে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজে ব্যস্ত আছেন। শিগগিরই তাকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ এবং দুটি নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এমআইকে
