আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পো। তার সঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক নিবিড় ‘রহস্যময়’ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যা বিশ্ব সাহিত্যে বেশ আলোচিত ঘটনা। ১৯২৪ সালে তাদের দেখা হয়েছিল। সেই সাক্ষাতের শতবর্ষ পেরিয়েছে দু’বছর আগে।
এ উপলক্ষে বিশেষ প্রযোজনা নিয়ে হাজির নাট্যদল ‘ম্যাড থেটার’। দলটির এই দ্বিতীয় প্রযোজনার নাম ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। আগামীকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হবে এর দ্বাদশ প্রদর্শনী।
রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হয়ে নির্বান্ধব পড়ে আছেন আর্জেন্টিনার প্লাজা হোটেলের বিছানায়। সেখানে একদিন তার এক পাঠিকা এসে নিয়ে গেলেন একটা ছোট্ট বাড়িতে। বাড়ির নাম মিরালরিও ভিলা। বাড়ির টিপাট্রি’র ফাঁক দিয়ে রবীন্দ্রনাথ তাকিয়ে থাকতেন রূপালি নদীর দিকে, নদীর নাম রিও ডেলা প্লাটা। রবীন্দ্রনাথ মিরালরিও ভিলায় কাটালেন দুই মাস, তিনি সুস্থ হতে থাকলেন। দুই মাসের আতিথেয়তার খরচ জোগাতে পাঠিকাকে বিক্রি করে ফেলতে হয় সবচেয়ে প্রিয় গহনাটি, ডায়মন্ড টিয়ারা। বিনিময়ে রবীন্দ্রনাথ তাকে কিছু দিতে পারলেন না।
কিন্তু দেশে ফেরার পর রবীন্দ্রনাথ তার সেই পাঠিকার কথা ভুললেন না। কাব্যগ্রন্থ ‘পূরবী’ উৎসর্গ করলেন সেই পাঠিকাকে। ভিক্টোরিয়ার নাম দিলেন ‘বিজয়া’। উৎসর্গ পত্রে লিখলেন, ‘বিজয়ার করকমলে’।

রবীন্দ্রনাথের হৃদয়ে সঞ্চিত বিজয়ার করকমলের উষ্ণতা নিয়েই নির্মিত ‘ম্যাড থেটার’-এর নাটকটি। রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন দলটির প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকের দুই চরিত্র রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়ার ভূমিকায় অভিনয় করছেন আসাদুল ইসলাম ও সোনিয়া হাসান। আলোক প্রক্ষেপণে আশরাফুল ইসলাম সায়ান ও আবহসংগীতে রয়েছেন পৃথুলা।
কেআই
