বিজ্ঞাপন

এ মাসে চরকিতে ব্যতিক্রমী তিন কনটেন্ট, সঙ্গে এক সিনেমা

এ মাসে চরকিতে ব্যতিক্রমী তিন কনটেন্ট, সঙ্গে এক সিনেমা

নিয়মিত কনটেন্ট দিয়ে দর্শকের আগ্রহ ধরে রেখেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। এ মাসে প্ল্যাটফর্মটিতে আসবে চারটি নতুন কনটেন্ট। এর মধ্যে একটি সিনেমা, আর বাকি তিনটি অরিজিনাল কনটেন্ট।

৬ আগস্ট চরকিতে আসবে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা এটি। এ বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার আসছে ওটিটিতে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্ব প্রমুখ।

এর পরের সপ্তাহে ১৩ আগস্ট মুক্তি পাবে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত এই কনটেন্টে অভিনয় করেছেন নন্দিত দুই শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। একটি মিথ্যা, অসংখ্য চিঠি, আর এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সীমিত দৈর্ঘ্যের এই কনটেন্ট।

২০ আগস্ট আসবে ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান হিমি নির্মিত এই কনটেন্টে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, এরফান মৃধা শিবলু প্রমুখ। একজন উবার চালকের বিচিত্র মানুষের মুখোমুখি হওয়াৎ মাধ্যমে সুযোগ ও অপরাধের পার্থক্য বোঝার উপলব্ধি নিয়েই এর গল্প।

আগস্টের শেষ সপ্তাহ অর্থাৎ ২৭ আগস্টে আসবে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদ নির্মিত এই কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ। এটি এক অতিবাস্তব পৃথিবীর গল্প। যেখানে ভালোবাসা, আশা এবং ধ্বংসের মুখেও মানুষের অদম্য টিকে থাকার ইচ্ছা ও লড়াইয়ের কথা উঠে এসেছে।

এক মাসে চার কনটেন্ট মুক্তি প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চারটি ভিন্ন জনরার কাজ পেতে যাচ্ছেন দর্শক। কনটেন্টগুলো বেশ বৈচিত্র্যময়, এর মধ্যে রয়েছে রাজনৈতিক দর্শন, ড্রামা, কমেডি ধাঁচের গল্প। সেপ্টেম্বরে আবার ভিন্ন জনরার কনটেন্ট মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’

কেআই