ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরপরই আলোচনায় এসেছে ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। গল্প, অভিনয় ও নির্মাণ নিয়ে দর্শকমহলে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তবে তর্ক-বিতর্ক যা-ই থাকুক, ক্যাফেটির আড্ডায় মজেছেন অনুরাগী থেকে সমালোচক সবাই। আর এই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা সিরিজটির পেছনের গল্প ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এর পরিচালক রুচির অরুণ।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক সিরিজের সার্বিক প্রতিক্রিয়া ও দ্বিতীয় সিজন নিয়ে কথা বলেন। দর্শকমহলের চর্চাকে পজিটিভভাবেই দেখছেন তিনি। পরিচালক রুচির আরুণের মতে, গল্পে দর্শকরা নিজেদের খুঁজে পেয়েছেন বলেই এটি এত আলোচনা জন্ম দিয়েছে।
তিনি বলেন, ‘এমনই একটা লাভ স্টোরির জন্য অপেক্ষা করছিলেন দর্শক। এই গল্পে দর্শক নিজেকে খুঁজে পেয়েছে। সুধা, চন্দর আর প্রীতি—এদের মধ্যে অনেকেই নিজেদের ছায়া দেখতে পাচ্ছেন। ‘মুসাফির ক্যাফে’ ভালোলাগার সেটাই অন্যতম কারণ। এই ধরনের গল্পের সত্যিই বড় অভাব ছিল। এত সুন্দর গল্প, মেদহীন চিত্রনাট্য, সাবলীল অভিনয় সবকিছু নিয়েই দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে।’
প্রথম সিজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ওটিটি পাড়ায় যে তুমুল চর্চা চলছে, তা নতুন প্রেরণা জুগিয়েছে নির্মাতাদের। স্বাভাবিকভাবেই উঠছে এর পরবর্তী কিস্তির কথা। প্রথম সিজনের উত্তাপ ধরে রেখে দ্বিতীয় সিজন নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন পরিচালক, তবে তাড়াহুড়ো করে কাজের মান নষ্ট করতে চান না তিনি।
‘মুসাফির ক্যাফে ২’ প্রসঙ্গে রুচির অরুণের ভাষ্য, ‘মানুষের যে উৎসাহ তৈরি হয়েছে, তাতে সিজ়ন ২ নিশ্চয়ই আসবে। তবে সেটা কবে আসবে এখনও জানি না। কারণ তার জন্য আগে লিখতে হবে, বানাতে হবে, এডিট করতে হবে। আশা করছি আমরা আবার ফিরব।’
এমআইকে
