বিজ্ঞাপন

কেন আমিরের ঐতিহাসিক ছবি থেকে সরে দাঁড়ালেন ফারহান?

কেন আমিরের ঐতিহাসিক ছবি থেকে সরে দাঁড়ালেন ফারহান?

আমির-ফারহান চমক দেখতে তৈরি ছিলেন দর্শকেরা। আশুতোষ গোয়ারীকরের মতো কালজয়ী নির্মাতার সঙ্গে এই দুই তারকার মেলবন্ধন নিয়ে চারদিকে চর্চাও কম হচ্ছিল না। কিন্তু শেষ মুহূর্তে এসে ঘটে গেল ছন্দপতন! বহু প্রতীক্ষিত ‘লালকারা’ সিনেমা থেকে অভিনয়ের অংশটি তুলে নিলেন ফারহান আখতার। 

পর্দায় আর তাকে আমিরের পাশে দেখা যাবে না। তবে প্রযোজকের আসনে তিনি ঠিকই থাকছেন। আর ফারহানের রেখে যাওয়া শূন্যস্থানে নতুন করে যুক্ত হয়েছেন ‘জুবিলি’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত গুপ্ত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সরে দাঁড়ানোর পেছনে কোনো খেয়ালি সিদ্ধান্ত কিংবা নেতিবাচক সমীকরণ নেই। মূল কারণ সময়ের অভাব ও দুটি বড় কাজের কঠিন প্রস্তুতি। সংগীত কিংবদন্তি আরডি বর্মনের জীবননির্ভর বায়োপিক নির্মাণ করছেন নীরজ পাণ্ডে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে ঢোকার জন্য ফারহানকে কয়েক মাস ধরে নিতে হবে বিশেষ প্রশিক্ষণ। 

অন্যদিকে, ‘লালকারা’র জন্য প্রয়োজন ছিল কঠোর ক্রিকেট অনুশীলন এবং টানা লম্বা শিডিউল। দুটো বড় প্রজেক্টের ক্রাফটিং ও সময়সূচি মেলাতে না পেরে অবশেষে আমিরের ছবিটির অভিনয় থেকে নিজের নাম ফিরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্তটি নেন এই অভিনেতা-নির্মাতা।

তবে এতে সিনেমার কাজের গতিতে কোনো ভাটা পড়ছে না। নির্মাতারা দ্রুতই ফারহানের জায়গায় সিদ্ধান্ত গুপ্তকে চূড়ান্ত করেছেন। ‘ইনসাইড এজ’, ‘জুবিলি’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ কিংবা ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এ অভিনয় করে নজর কাড়া সিদ্ধান্তকে এবার পর্দায় দেখা যাবে আমিরের পরম বন্ধুর চরিত্রে।

১৯৫২ সালের প্রেক্ষাপটে ভারত-পাকিস্তানের প্রথম ঐতিহাসিক টেস্ট সিরিজ তুলে আনা হবে এই ছবিতে। সেখানে স্বাধীন ভারতের প্রথম টেস্ট অধিনায়ক লালা অমরনাথের চরিত্রে রূপদান করবেন আমির খান। দেশভাগের পর প্রথম সেই ঐতিহাসিক লড়াই ও তখনকার মাঠের আবেগই পর্দায় ফুটিয়ে তোলার প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে ‘লালকারা’র শুটিং।

এমআইকে