ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বাংলাদেশের জয় শাহরিয়ারের সখ্য বেশ পুরনো। দুজনে একসঙ্গে গান করেছেন, অ্যালবামও করেছেন। আবার ঢাকার মঞ্চে একসঙ্গে কনসার্টও করেছেন।
কিছুদিন আগেই কলকাতা সফরে গিয়েছিলেন জয়। বৈঠক করেছেন নচিকেতার সঙ্গে। সে ছবি সামনে আসার পর থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল, দুজন হয়তো ফের নতুন কিছু করতে চলেছেন।
গতকাল রাতে সে চমকপ্রদ খবরটি সামনে আনলেন জয়। জানালেন, এবার আর ঢাকায় নয়, নচিকেতা ও তিনি গাইবেন যুক্তরাজ্যের লন্ডনে। আইওএন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এ পারফর্ম করবেন তারা।
২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। খবরটি শেয়ার করে লন্ডনবাসীকে কনসার্টে গান শোনার আমন্ত্রণ জানিয়েছেন জয়। তার ওই পোস্টে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করছেন সংগীতের মানুষেরাও। কেননা বিদেশের মঞ্চে বিদেশি শিল্পীর সঙ্গে বাংলাদেশি শিল্পীর এরকম বড় পরিসরের আয়োজন সচরাচর দেখা যায় না।

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল নচিকেতা ও জয়ের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’। সাত গানের ওই অ্যালবামের সুর করেছেন জয় নিজেই।
তারও আগে ২০২৩ সালের নভেম্বরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নচিকেতাকে নিয়ে বিশেষ কনসার্ট করেছিলেন জয়। সংগীতে নচিকেতার তিন দশক পূর্তির ওই কনসার্টে গেয়েছিলেন জয়ও।
কেআই
