বিজ্ঞাপন

সৃজিতের সুরে অনির্বাণের গান

সৃজিতের সুরে অনির্বাণের গান

ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ গান গাইছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই প্রথম সৃজিতের সুরে কণ্ঠ দিচ্ছেন অনির্বাণ।  

এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া সৃজিত পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমাতেও গান গেয়েছিলেন অনির্বাণ। তবে তখন সুরকার ছিলেন না সৃজিত। নতুন সিনেমায় পরিচালক ও অভিনেতার এই সংগীত সহযোগিতাকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। যদিও অনির্বাণ কোন গান গাইছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সম্প্রতি সিনেমাটি নিয়ে একের পর এক তথ্য প্রকাশ করছেন নির্মাতারা। এর আগে ছবিতে অভিনেত্রী ইধিকা পালের ক্রিকেটার লুক প্রকাশ করা হয়। নেট প্র্যাকটিসে তাকে নিজেই প্রশিক্ষণ দিতে দেখা যায় সৃজিতকে। 

‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমাটি নির্মিত হচ্ছে লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে কেন্দ্র করে। তার ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

সিনেমাটিতে গোয়েন্দা কানাইচরণ চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

গোয়েন্দা ও থ্রিলারধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৃজিত মুখার্জীর। এর আগে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ ও ‘দশম অবতার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি। নতুন এই সিনেমার মাধ্যমে আবারও গোয়েন্দা ঘরানায় ফিরছেন এই নির্মাতা।

ডিএ