বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক দবা হরর ঘরানার কনটেন্টের অভাব দীর্ঘদিনের। ভালো মানের থ্রিলার কিংবা ভৌতিক ছবি দেখার তৃষ্ণা দর্শকদের মনে থাকলেও রূপালী পর্দায় সেই সুযোগ মেলা ভার। তবে এবার ঢালিউডের সেই বড় অপূর্ণতা ঘুচতে যাচ্ছে। আর সেই স্বপ্নপূরণের নেপথ্যে রয়েছেন এক সময়ের সফল ও আলোচিত নির্মাতা রায়হান রাফী। বড় আয়োজনে তিনি নিয়ে আসছেন নতুন চলচ্চিত্র ‘আন্ধার’।
এই সিনেমায় যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় ও বরেণ্য অভিনেতা গাজী রাকায়েত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। গাজী রাকায়েতের প্রশংসা করে তিনি লেখেন, “গাজী রাকায়েত আমাদের দেশের অভিনয়জগতের এক অমূল্য সম্পদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই মানুষটি একাধারে লেখক, পরিচালক, প্রযোজক এবং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন অসাধারণ অভিনেতা।”
পরিচালক রাফীর মতে, গল্পের কিছু চরিত্র থাকে যেখানে নির্দিষ্ট অভিনয়শিল্পী ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না। তিনি আরও যোগ করে লেখেন, “কিছু কিছু চরিত্র আছে, যেগুলোতে তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করা যায় না। ‘তুফান’-এ তাকে নতুনভাবে দেখেছেন। ‘আন্ধার’-এ দেখবেন একেবারেই অন্যরকম এক চরিত্রে। ‘আন্ধার’ চলচ্চিত্রে জালাল চরিত্রে থাকছেন গাজী রাকায়েত।”
উল্লেখ্য, এর আগে রায়হান রাফীর ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’-এ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন গাজী রাকায়েত। তবে ‘আন্ধার’-এ তাকে দর্শক একেবারে ভিন্ন রূপ ও আবহে দেখতে পাবেন বলে আশ্বাস দিয়েছেন নির্মাতা। হরর আবহের এই সিনেমায় গাজী রাকায়েতের অন্তর্ভুক্তিতে সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
এমআইকে
