বিজ্ঞাপন

ভেনিসের পর এবার টরন্টো উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিসের পর এবার টরন্টো উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'অরিজোন্তি' বিভাগে মনোনীত হয়ে ইতিহাস গড়ার পর, এবার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) নির্বাচিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় এই আসরে সিনেমাটির অন্তর্ভুক্তি বাংলা সিনেমার জন্য এক নতুন মাইলফলক।

ঢাকার একটি বিউটি পার্লার, একটি ঘনিয়ে আসা বিয়ে এবং শৈশবের গভীর কিছু ভয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সাইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমাটি। এতে কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা অভিনেত্রী জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল এবং রিকিতা নন্দিনী শিমু।

বড় ক্যানভাসের এই সিনেমাটি নির্মিত হয়েছে আন্তর্জাতিক যৌথ প্রযোজনায়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে খনা টকিজ। তাদের পাশাপাশি প্রযোজক হিসেবে যৌথভাবে যুক্ত রয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ে।

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা
'দ্য ডিফিকাল্ট ব্রাইড'-এর দৃশ্যে জাইনীন করিম ও আজমেরী হক বাঁধন

টরন্টো উৎসবে এবার ক্যানস চলচ্চিত্র উৎসবের বেশ কিছু পুরস্কারজয়ী সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে। যার মধ্যে রয়েছে ক্যানসের 'ক্যামেরা ডি'অর' জয়ী রুয়ান্ডার পরিচালক মেরি-ক্লেমেন্টাইন দুসাবেজাম্বোর সিনেমা ‘বেন’ইমানা’, জুরি প্রাইজে ভূষিত জার্মান নির্মাতাক বেলিস্কা গ্রিজবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ এবং ক্যানস ক্রিটিকস উইক জয়ী ফরাসি পরিচালক মারিন আতলাঁর ‘লা গ্রাদিভা’।

এছাড়া ভেনিসের গোল্ডেন লায়ন পাওয়ার দৌড়ে থাকা ড্যানিশ-মিশরীয় পরিচালক মে এল-তৌখির ‘ওমেন আননোন’ এবং ভেনিস স্পটলাইট শাখার অন্তর্ভুক্ত ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’ চলচ্চিত্র দুটিও এতে স্থান করে নিয়েছে। 

অ্যানিমেশন সিনেমা হিসেবে লিয়া নেলসনের ‘ট্যাঙ্গলস’-এর নর্থ আমেরিকান প্রিমিয়ারের পাশাপাশি আন্নেসি জয়ী ‘দ্য ভায়োলিনিস্ট’, ‘হুলিয়ান’ ও ‘ভিভা কারমেন’-এর মতো ছবিগুলো এবার দর্শক মাতাবে। আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম এই আসর। 

এমআইকে