ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দুই বছর আজ। প্রায় এক মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের আজকের দিনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্রদের সেই আন্দোলনে সামিল হয়েছিল দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও। ৫ আগস্ট বিজয়র দিনে আনন্দ-উল্লাসে রাজপথে নেমে এসেছিলেন অনেকে।
তারকার অভিজ্ঞতায় সেই ৫ আগস্ট কেমন ছিল? ঢাকা পোস্টের বিশেষ আয়োজনে স্মৃতিচারণ করেছেন তারকারা। এই পর্বে রইলো নির্মাতা-প্রযোজক রেদওয়ান রনির স্মৃতি…
আমরা তো আসলে বেশ কিছুদিন ধরে আন্দোলনের সাথে বিভিন্নভাবে সাংস্কৃতিক কর্মীরা জড়িত ছিলাম। ফার্মগেটে সিনেমার সামনে যে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম, পরবর্তীতে সংসদ ভবনের সামনেও। তো এটা ধারাবাহিকভাবে চলছিল। দেশে যে পরিস্থিতি ছিল, তাতে আমাদের আসলে ঘরে বসে থাকার কোনো উপায় ছিল না। কারণ আমরা যারা সাংস্কৃতিক কর্মী, আমরা তো কাজ করি মানুষের জন্যই।
তো মানুষের এই অবস্থা, এত লোকের মৃত্যু, সবকিছু মিলেই আমরা ঘরে বসে থাকতে পারিনি। এই আন্দোলনের মধ্যে বিভিন্ন ধাপে জড়িত হয়ে যাই। এবং পরবর্তীতে যখন ৫ আগস্টে আমরা ঘোষণাটা শুনি টেলিভিশনে, তখনই রাস্তায় নেমে পড়ি। সবার মনে একই উল্লাস, এটা দেখা অথবা এটা ফিল করা অথবা এই অনুভূতিটার ভেতর দিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলাম।
মূলত দুটি কারণে আমি বের হয়েছিলাম। এক, মানুষের সেই উচ্ছাসটা দেখা; আর দুই, যেহেতু আমি ফিল্মমেকার, এই সময়টাকে ধারণ করার জন্য বেশ কিছু ফুটেজ সংগ্রহ করে রাখছিলাম। ভবিষ্যতে যদি কখনো এটা নিয়ে আমার কোনো পরিকল্পনা থাকে নির্মাণের, তাহলে যেন ফুটেজগুলা ব্যবহার করতে পারি।
ডিএ/কেআই
