বিজ্ঞাপন

আলাউদ্দিন আলীর স্মরণে কন্যার ব্যতিক্রমী আয়োজনের ডাক

আলাউদ্দিন আলীর স্মরণে কন্যার ব্যতিক্রমী আয়োজনের ডাক

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রয়াণ দিবস ৯ আগস্ট। ছয় বছর আগে, ২০২০ সালের এই দিনে প্রয়াত হয়েছেন কালজয়ী এ শিল্পী। তার স্মরণে এবার ব্যতিক্রমী এক আয়োজনের ডাক দিয়েছেন তারই কন্যা, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন।

বুধবার বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলিফ। তিনি লিখেছেন, ‘এ দিনটাকে স্মরণ করতে আমার একটা ছোট্ট অনুরোধ, শিল্পী, সংগীতশিল্পী কিংবা শুধু গান ভালোবাসেন যারা, সবাইকে। স্টুডিওর দরকার নেই, নিখুঁত রেকর্ডিংয়েরও প্রয়োজন নেই। বাসায়, গাড়িতে, আড্ডায়, রিহার্সালে, যেখানেই ইচ্ছে, আব্বুর সুর করা বা সংগীতায়োজিত প্রিয় কোনো গান গেয়ে, বাজিয়ে বা গুনগুন করে একটি ছোট্ট ভিডিও শেয়ার করুন।’

তবে এটিকে কোনো প্রতিযোগিতা বলছেন না আলিফ। তার ভাষ্য, ‘এটা কোনো আয়োজন নয়, কোনো প্রতিযোগিতাও নয়। শুধু একজন মানুষের সৃষ্টিকে ভালোবাসা থেকে একসঙ্গে স্মরণ করার একটি ছোট্ট চেষ্টা। আপনাদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এখনও সেটাই তার সবচেয়ে সুন্দর উত্তরাধিকার।’

আলিফ জানান, এই স্মরণ আয়োজনে অংশ নিতে হলে পোস্টে #AlauddinAliLivesOn হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সবশেষে আলিফ ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কণ্ঠে, আপনাদের ভালোবাসায়, আব্বুর গানগুলো আরও একবার নতুন করে বেঁচে উঠুক।’

বাবা আলাউদ্দিন আলীর কাঁধে ছোটবেলার আলিফ আলাউদ্দিন

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের গানের অন্যতম সফল সংগীতকার আলাউদ্দিন আলী। তার সুর-সংগীতে বহু গান হয়েছে কালজয়ী। এর মধ্যে কয়েকটি হলো, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘প্রথম বাংলাদশ আমার শেষ বাংলাদেশ’, ‘সুখে থাকো ও আমার নন্দিনী’, ‘আছেন আমার মোক্তার’, ‘বন্ধু তিন দিন’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘এ জীবন তোমাকে দিলাম’ ইত্যাদি।

কেআই